মার্স ও ল্যামারময় গ্র্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুনো মার্স
ব্রুনো মার্স

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। গ্র্যামির ৬০তম আসর। দম বন্ধ করে থাকা একঝাঁক তারকা, সংগীত তারকা বটে। এক একটা পুরস্কার ঘোষণা হয়, আর যেন তাঁরা একবার করে নিঃশ্বাস ছাড়েন। কারও মনে আতঙ্ক, কারও মনে সংশয়, কারও মনে প্রজাপতি ওড়ে! এমন উত্তেজনার মধ্য দিয়েই মার্কিন সময় রোববার হয়ে গেল সংগীতজগতের বড় অনুষ্ঠান গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠান শেষে পুরস্কারের বোঝাটা ভারী করে নিয়ে গেলেন ব্রুনো মার্স আর ক্যান্ড্রিক ল্যামার। যেন এবারের গ্র্যামিটা শুধু তাঁদের জন্যই আয়োজন করা হয়েছিল।

র‍্যাপার জেজি একবার বলেছিলেন, ‘আমার মনে হয় না তাঁরা হিপ হপকে সঠিক মর্যাদা দিচ্ছে।’ ১৯৯৯ সাল থেকে এ কারণে জেজি গ্র্যামিতে যান না। হয়তো তাঁর কথার জের ধরেই হিপ হপ কিংবা র‍্যাপ গানকে মর্যাদা দেওয়া শুরু হয় ২০০৪ সাল থেকে। তারপর আবার জেজি ফিরে আসেন। কারণ, সংগীত তারকা স্ত্রী বিয়ন্স। অন্তত স্ত্রীকে সমর্থন করার জন্য হলেও তিনি আবার যোগ দেন গ্র্যামিতে। আর এবারের ৬০তম আসর দেখে নিশ্চয়ই ভুলে যাবেন তাঁর পুরোনো ক্ষোভ। কেননা, এবার যে হিপ হপ বা র‍্যাপ ঘরানার জয়জয়কার। এই যে দেখুন, র‍্যাপার ক্যান্ড্রিক ল্যামার। সেরা দেশি অ্যালবাম (ফ্রম আ রুম), সেরা র‍্যাপ অ্যালবাম (ড্যাম), সেরা র‍্যাপ গান (হাম্বল), সেরা র‍্যাপ পরিবেশনা (হাম্বল) এবং সেরা মিউজিক ভিডিওর (হাম্বল) পুরস্কার গেছে ল্যামারের ঝুলিতে। রিয়ানা ফিচারিং ক্যান্ড্রিক ল্যামারের গান ‘লয়ালটি’র জন্য পেয়েছেন সেরা র‍্যাপ/সাং পরিবেশনার পুরস্কার। আর মূল অনুষ্ঠানে তাঁর মঞ্চে পরিবেশনার কথা যেন কেউ ভুলতেই পারছেন না। সমালোচকেরা বলছেন, এবারের গ্র্যামির সেরা পরিবেশনা হয়েছে ল্যামারেরটা। জেজি মনোনয়ন পেয়েছেন এবারও, কিন্তু তাঁর ঘরানার পুরস্কারটা গেল ল্যামারের ঘরে। তবু হয়তো তিনি খুশিই হবেন। কেউ তো সম্মান পাচ্ছে।

ক্যান্ড্রিক ল্যামার
ক্যান্ড্রিক ল্যামার

এদিকে ল্যামারের সঙ্গে টক্কর দিয়েছেন ব্রুনো মার্স। তিনিও বগলদাবা করে নিলেন ছয়-ছয়টা পুরস্কার। সবচেয়ে বড় তিনটি সম্মান তাঁর ঝোলায়—বছরের সেরা অ্যালবাম (টোয়েন্টি ফোর কে ম্যাজিক), বছরের সেরা রেকর্ড (টোয়েন্টি ফোর কে ম্যাজিক) আর বছরের সেরা গানের (দ্যাটস হোয়াট আই লাইক) জন্য গ্র্যামি জিতলেন। এ ছাড়া সেরা আরঅ্যান্ডবি (রিদম অ্যান্ড ব্লুজ) অ্যালবাম (টোয়েন্টি ফোর কে ম্যাজিক), আরঅ্যান্ডবি গান (দ্যাটস হোয়াট আই লাইক) এবং আরঅ্যান্ডবি পরিবেশনার (দ্যাটস হোয়াট আই লাইক) পুরস্কারও তাঁর।

 সৈয়দা সাদিয়া শাহরীন

বিলবোর্ড, লস অ্যাঞ্জেলেস টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট ও এন্টারটেইনমেন্ট টুনাইট অবলম্বনে