মার্সেল মার্সো স্মরণে আজ মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’
‘মাস্টার অব মাইম’খ্যাত বিশ্ববরেণ্য ফরাসি মূকাভিনেতা মার্সেল মার্সোর পঞ্চম প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। ‘আরব্য রজনী’র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এই মাইমোড্রামার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। জাহিদ রিপন জানিয়েছেন, মাইমোড্রামা বা মূকনাট্য হচ্ছে মূকাভিনয়ের আঙ্গিকে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্যপ্রযোজনা। তিনি বলেন, ‘বাংলাদেশের নাট্যচর্চায় মাইমোড্রামা নিঃসন্দেহে একটি সম্ভাবনাময় ক্ষেত্র। কিন্তু এটি এখানে খুব অবহেলিত। দেশে এ পর্যন্ত মাত্র কয়েকটি মাইমোড্রামা নির্মিত হয়েছে। বর্তমান সময়ে ‘জাদুর প্রদীপ’ই রাজধানীর একমাত্র মাইমোড্রামা।’ ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ কাহিনিটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটি নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির বিজয়ই এর মূলসুর। এই মাইমোড্রামায় অভিনয় করছেন সুকন্যা, রেজাউল, মনির, আল-আমিন, শাওন, সোনালি, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ, মোস্তাফিজ, লাবণি, মিতা, আলো, ঋতু, শাহিন, নাবলু, জাহিদ প্রমুখ। ‘জাদুর প্রদীপ’ প্রদর্শনীর আগে মার্সেল মার্সো সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। মূকাভিনয়গুরু মার্সেল মার্সো ফ্রান্সের স্টাসবুর্গ শহরে ১৯২৩ সালের ২২ মার্চ জন্মগ্রহণ করেন। প্রায় ৬০ বছর মূকাভিনয়শিল্পে একনিষ্ঠ সাধনা শেষে কিংবদন্তিতুল্য এ শিল্পী ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর প্রয়াত হন।