মালালাকে নিয়ে চলচ্চিত্র
পাকিস্তানের তালেবানবিরোধী প্রতিবাদী কণ্ঠস্বর কিশোরী মালালা ইউসুফজাইকে নিয়ে এবারে চলচ্চিত্র নির্মাণ করছেন আলোচিত চলচ্চিত্র নির্মাতা আমজাদ খান। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।আমজাদ খান এর আগে তালাক নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। লে গয়্যা সাদ্দাম নামের এই চলচ্চিত্রটির জন্য আমজাদকে ফতোয়ার হুমকিতেও পড়তে হয়েছিল। আমজাদ খান জানিয়েছেন, তাঁর পরবর্তী ছবিটি তিনি মালালাকে নিয়েই নির্মাণ করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার এ ছবিতে আমি মালালাকে কোন নারী বা কিশোরী হিসেবে চিত্রায়িত করছি না । তাকে আমি একজন বিপ্লবী হিসেবেই তুলে ধরব। তিনি আরও বলেন, ‘সে (মালালা) মাত্র বছর পনেরোর একজন কিশোরী অথচ এরমধ্যেই বিশ্বের লাখো বঞ্চিত অসহায় নারীর অধিকার আদায়ের সংগ্রামে আশার এক উজ্জ্বল আলোকশিখা হয়ে উঠেছে।’ তালিবানদের বিরুদ্ধে শিক্ষা আর নারী অধিকারের বিষয়গুলো নিয়ে প্রতিবাদী এক সাহসী পদক্ষেপ নিয়েছিল মালালা ইউসুফজাই। বিবিসিতে লিখে, তার নিজ শহরে তালেবানদের দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সে তার প্রতিবাদ আর অধিকার রক্ষার সংকল্পের দৃঢ় সাহসী প্রকাশ ঘটিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে তালেবানরা তাকে হত্যার পরিকল্পনা করে। মালালা ইউসুফজাইকে হত্যার উদ্দেশ্যে স্কুলবাসে উঠে এক ঝটিকা আক্রমণ চালায় তালেবানরা। এ সময় গুলিবিদ্ধ হয় মালালা ও তার এক সহপাঠি। মাথায় বুলেটবিদ্ধ গুরুতর আহত মালালার চিকিত্সা পাকিস্তানে সম্ভব নয় বলে এক পর্যায়ে তাকে প্রয়োজনীয় চিকিত্সার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। পাকিস্তানের এই তালেবানবিরোধী প্রতিবাদীকণ্ঠ সাহসী কিশোরী বর্তমানে যুক্তরাজ্যের হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে এবং ক্রমশ সুস্থ হয়ে উঠছে।