মালালাকে নিয়ে ফকির আলমগীর ও বিপ্লবের গান
নারীশিক্ষা ও নারী-অধিকারের সাহসী কর্মী কিশোরী মালালা ইউসুফজাইকে নিয়ে গান করছেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী ফকির আলমগীর ও বিপ্লব। ফকির আলমগীরের গানটির কথা লিখেছেন তপন বাগচী আর বিপ্লবের গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। বিপ্লবের গানের রেকর্ডিং এরই মধ্যে শেষ হয়েছে। ফকির আলমগীরের গানের রেকর্ডিং এখনো শেষ হয়নি। শহীদুল্লাহ ফরায়জীর লেখা মালালাকে নিয়ে তৈরি গানে প্রমিথিউসের বিপ্লব কণ্ঠ দিয়েছেন বাংলা ও ইংরেজি ভাষায় । ‘তুমি হূদয়ের অনুভূতি/ তুমি বিবেকের প্রতিশ্রুতি/ ফিরে এসো ফিরে এসো/ প্রাণের আকুতি/ পৃথিবীর আকুতি/ মালালা মালালা/ নও তুমি একলা/ এক হবার পালা’—এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন বিপ্লব নিজেই। গানটি শিগগিরই শুনতে পাওয়া যাবে প্রমিথিউস ব্যান্ডের নিজস্ব ওয়েবসাইটসহ দুটি ওয়েবসাইটে। ওয়েবসাইট দুটি হলো: www.prometheusbd.com/ www.levelzerodb.com বিপ্লব বলেন, ‘চেতনা ও দায়বদ্ধতা থেকেই মালালাকে নিয়ে আমার এই গান। সব আশঙ্কা মিথ্যা করে দিয়ে মানুষের মধ্যে আশার বাতিঘর হয়ে ফিরে আসুক মালালা, শিল্পী হিসেবে এই আমার কামনা।’ তপন বাগচীর লেখা ‘শিক্ষার মেয়ে, শান্তির মেয়ে, তোমার তুলনা নাই/ সোয়াতের মেয়ে ভগিনী আমার, মালালা ইউসুফজাই’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরের কাজটিও করেছেন ফকির আলমগীর। তিনি বলেন, ‘আমি অধিকারসচেতন গায়ক। বিশ্বের যেখানে সমস্যা, সেখানেই গান দিয়ে প্রতিবাদে সোচ্চার হই আমি। মালালা যখন বুলেটবিদ্ধ হয়, তখনই আমি ছটফট করেছি কখন তার জন্য গান করব।’মালালাকে নিয়ে ফকির আলমগীরের গানটি খুব শিগগির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।