মালালাকে নিয়ে ছবিতে গিবসন, বেলুচ্চি!
তালেবান জঙ্গিদের গুলিতে আহত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও ব্লগার মালালা ইউসুফজাইকে নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন নির্মাতা আমজাদ খান। ইংরেজি ভাষায় নির্মিতব্য ‘গুল মাকাই’ ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে মেল গিবসন ও মনিকা বেলুচ্চির সঙ্গে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ছবিটির শুটিং করতে ভারতে আসবেন মার্কিন অভিনেতা গিবসন ও ইতালিয়ান অভিনেত্রী মনিকা।এ প্রসঙ্গে নির্মাতা আমজাদ জানিয়েছেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগোলে শিগগিরই গিবসন ও মনিকাকে ভারতের বিভিন্ন অংশে ছবির শুটিং করতে দেখা যাবে। এই মুহূর্তে তাঁদের সঙ্গে আলোচনা চলছে। তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’আমজাদ আরও বলেন, ‘ছবিটির শিরোনাম ঠিক করা হয়েছে “গুল মাকাই”। এ ছদ্মনামেই ব্লগে লেখালেখি করেছেন মালালা। তবে অনুমতি পাওয়া নিয়ে জটিলতা দেখা দিলে “মালালা” শিরোনামে ছবিটি মুক্তি পাবে।’ জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।আগামী ২২ মে থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে। এর মধ্যেই ২০০ দিনের শুটিং শিডিউল চূড়ান্ত করা হয়েছে। ভারতের পাশাপাশি ইরান ও লন্ডনেও এর শুটিং হবে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ওম পুরি, নাসিরুদ্দিন শাহ, কে কে মেনন, সীমা বিশ্বাস প্রমুখ।অবশ্য মালালা চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে মুখ খোলেননি ছবির পরিচালক। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘নিরাপত্তার কারণে এখনই নামটি প্রকাশ করতে চাচ্ছি না। সময় হলে আমি নিজেই সবাইকে তা জানিয়ে দেব। শুধু এটুকু বলতে পারি, ভারতীয় নয়, দক্ষিণ এশীয় এক কিশোরীকে দেখা যাবে মালালা চরিত্রে।’প্রসঙ্গত, তালেবানের বিপক্ষে কথা বলা ও পাকিস্তানের সোয়াতে নারীশিক্ষার পক্ষে কাজ করায় মালালার ওপর ক্ষুব্ধ ছিল তালেবান জঙ্গিরা। গত বছরের ৯ অক্টোবর সোয়াত উপত্যকায় বিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরছিল মালালা। পথে সেই বাসে উঠে তাঁর মাথায় গুলি করে তালেবান জঙ্গিরা। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ওঠার পর বার্মিংহামের এজবাস্টনের বালিকা বিদ্যালয়ে ভর্তি হন তিনি। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিশোরী মালালা।