মালালার জন্য জোলির উদ্যোগ
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক নারী সম্মেলনে হলিউডের অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি তালিবান হামলায় বেঁচে যাওয়া পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইয়ের প্রতি সম্মানে মালালা ফান্ড তৈরির কথা জানিয়েছেন। এক খবরে জানিয়েছে পিটিআই।গত ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিংকন সেন্টারে নারী বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে এসে মালালার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে জোলি বলেন, মালালার ওপর এই সহিংস হামলা তাঁকে ছোট্ট একজন শিশু থেকে অনেক বড় এক শক্তিশালী মানুষে পরিণত করেছে। আমি মনে করি, এই ছোট্ট মেয়েটার কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।মালালার প্রতি শুধু ভালোবাসা জানানো নয়, তাঁর নামে মালালা ফান্ড নামে একটি তহবিল গঠনের ইচ্ছার কথাও জোলি জানান। এছাড়াও অ্যাঞ্জেলিনা জোলি মালালার নামের একটি স্কুল প্রতিষ্ঠার করার ইচ্ছাও ব্যক্ত করেছেন।প্রসঙ্গত, পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের পক্ষের একজন প্রতিবাদকারী কিশোরী মালালা ইউসুফজাইকে হত্যার উদ্দেশে মাথায় গুলি করেছিল তালেবান জঙ্গিরা। গত বছরের ৯ অক্টোবর সোয়াত উপত্যকায় স্কুল থেকে মালালা যখন বাড়ি ফিরছিল, সেসময় এ সহিংসতার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি ও চিকিত্সা করা হয়। মালালা বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাজ্যেই বসবাস করছে।