মালালার শিক্ষা তহবিলে আমজাদ খানের অর্থসাহায্য
পাকিস্তানের তালেবানবিরোধী প্রতিবাদী কণ্ঠ কিশোরী মালালা ইউসুফজাইয়ের শিক্ষা তহবিলে ২৫ লাখ রুপি অর্থসাহায্য করবেন বলিউডের আলোচিত চলচ্চিত্রনির্মাতা আমজাদ খান।পাকিস্তানের মিনগোরায় নারীশিক্ষার প্রসারে একটি তহবিল গড়ে তুলেছিলেন মালালা ইউসুফজাই।মালালার শিক্ষা তহবিলে অর্থসাহায্য ছাড়াও তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন আমজাদ খান। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে।আমজাদ খান বলেন, ‘নিরক্ষরতার অভিশাপ থেকে অসংখ্য শিশুকে শিক্ষার আলোয় আনার এ প্রয়াসে অংশীদার হওয়াটা অনেক সম্মানের। এতে ভারত ও পাকিস্তানের বন্ধুত্ব বাড়বে।’আমজাদ খান এর আগে তালাক নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। ‘লে গয়্যা সাদ্দাম’ নামের এই চলচ্চিত্রের জন্য তাঁকে ফতোয়ার হুমকিতেও পড়তে হয়েছিল। প্রসঙ্গত, তালিবানের বিরুদ্ধে শিক্ষা আর নারী অধিকারের বিষয় নিয়ে এক সাহসী পদক্ষেপ নিয়েছিল মালালা ইউসুফজাই। বিবিসি জানিয়েছে, মালালা তার নিজ শহরে তালেবানের দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অধিকার রক্ষার সাহসিকতা দেখিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে তালেবানরা তাকে হত্যার পরিকল্পনা করে। মালালা ইউসুফজাইকে হত্যার উদ্দেশ্যে স্কুলবাসে উঠে এক ঝটিকা আক্রমণ চালায় তালেবান। এ সময় গুলিবিদ্ধ হয় মালালা ও তার এক সহপাঠী। উন্নত চিকিত্সার জন্য মালালাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই আছে মালালা।