মালয়েশিয়ায় অপূর্ব, নাসিম, নোভা ও হিল্লোল
নাটকের শুটিংয়ে মালয়েশিয়া যাচ্ছেন অপূর্ব, আহসান হাবীব নাসিম, নোভা ও হিল্লোল। আজ রোববার রাত সাড়ে ১০টায় জিএমজি এয়ারলাইন্সে একটি বিমানে করে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন তাঁরা। ভিসা জটিলতার কারণে হিল্লোল যাবেন কাল সন্ধ্যায়। ভালোবাসা দিবস ও পয়লা বৈশাখের তিনটি এক ঘণ্টার নাটকের শুটিংয়ের জন্য তাঁরা মালয়েশিয়ায় যাচ্ছেন। নাটক তিনটির দুটি পরিচালনা করবেন রায়হান খান, অন্যটি ডলি ইকবাল। নাটক তিনটির দুটি হচ্ছে ‘গ্ল্যাডিওলাস’ ও ‘সাদা-কালো বৃত্ত’। অন্যটির নাম এখনো ঠিক করা হয়নি।নাটক তিনটির দুটি নির্মিত হচ্ছে নোভা-রায়হান খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘প্রত্যাশা ক্রিয়েশনস’ আর অন্যটি ‘আকৃতি’ থেকে। নোভা বললেন, ‘নাটকের গল্পের প্রয়োজনেই লোকেশন হিসেবে মালয়েশিয়াকে বেছে নিতে হয়েছে। ভালোবাসা দিবস ও পয়লা বৈশাখের নাটক দুটিতে দর্শকেরা লোকেশনের বৈচিত্র্য খুঁজে পাবেন।নাসিম বলেন, ‘শিক্ষকতার ব্যস্ততার জন্য নাটকে খুব একটা কাজ করা হয় না। মঞ্চ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি ভালো কিছু চিত্রনাট্য এবং পরিচালকের ওপর নির্ভর করে কাজ করতে হয়। নাটকগুলোর গল্প পছন্দ হওয়ায় কাজগুলো করছি।’হিল্লোল বলেন, ‘আমি যাচ্ছি কাল সোমবার। রায়হান খানের নাটকগুলোতেই শুধু আমি কাজ করব। এখনো পর্যন্ত চিত্রনাট্য হাতে পাইনি। তবে যত দূর শুনেছি গল্পগুলো ভালোই লেগেছে।’মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং লঙ্কা বিচে কয়েক দিন শুটিং করে ১৬ জানুয়ারি পুরো দলটি দেশে ফিরবে বলে জানা গেছে।