মালয়েশিয়ায় 'শিকারি'

কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। আগামীকাল রোববার বেলা সাড়ে তিনটায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান রাজা লাউটের ফেডারেল সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে। তার আগে একই হলে বেলা আড়াইটায় প্রিমিয়ার শো হবে ছবিটির।
এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল রাতে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়ে গেছেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী হাসানুল হক ইনু, ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অভিনেতা শাকিব খান।
যাওয়ার আগে মুঠোফোনে প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘আমাদের ছবিগুলো পৃথিবীজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে নিয়ে যেতে চাই। এর আগে অস্ট্রেলিয়া ও কানাডায় প্রদর্শিত হয়েছে। যুক্তরাষ্ট্রের তিনটি শহরে মুক্তি দেওয়ার চুক্তিও হয়ে গেছে।’
আবদুল আজিজ বলেন, আগামী শনি ও রোববার কুয়ালালামপুরের মেলাকা, জহুর বারু, ক্ল্যাং, পেনাং, আইপোহ ও এনইউ সেন্ট্রাল হলে ‘শিকারি’ প্রদর্শিত হবে।
ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ। মালয়েশিয়ায় ‘শিকারি’ ছবিটি পরিবেশনা করছে এমবিসি ফিল্ম।