মালয়েশিয়ায় 'সুতপার ঠিকানা'র তৃতীয় সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুতপার ঠিকানা’ ছবিতে অপর্ণা ঘোষ
‘সুতপার ঠিকানা’ ছবিতে অপর্ণা ঘোষ

মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহেও ‘সুতপার ঠিকানা’ ছবিটির প্রদর্শনী হচ্ছে। বাংলাদেশের পর মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে ‘সুতপার ঠিকানা’। ছবিটির ইংরেজি নাম ‘হার ওন অ্যাড্রেস’। পরিচালক প্রসূন রহমান আজ বৃহস্পতিবার জানিয়েছেন, নারী দিবস উপলক্ষে ৩ মার্চ কুয়ালালামপুরের মিডভ্যালি ও প্যাভিলিয়ন মেগা-মল, পেতালিং জায়ার ওয়ান উতামা মেগা-মল এবং পেনাংয়ের গুর্নে প্লাজায় ছবিটি মুক্তি দেওয়া হয়।

পরিচালক প্রসূন রহমান আরও জানান, দর্শকদের আগ্রহের কারণে স্থানীয় পরিবেশক ও প্রদর্শক প্রতিষ্ঠান ‘সুতপার ঠিকানা’ ছবির প্রদর্শনী অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই মালয়েশিয়া ও ব্রুনাইয়ের দুটি টিভি চ্যানেলে দেখানো হবে ছবিটি। এ ছাড়া আগামীতে স্থানীয় কেবল অপারেটররাও নিজস্ব চ্যানেলে ছবিটি দেখাবে।

প্রসূন রহমান বলেন, ‘গত ১৯ জানুয়ারি স্থানীয় পরিবেশক ও প্রদর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আমি চুক্তি করেছি। ছবির মুক্তির পর আর যাওয়া হয়নি। তবে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে।’
মুক্তির আগে ‘সুতপার ঠিকানা’ ছবির দুটি প্রদর্শনী হয়েছে কুয়ালালামপুরের মিডভ্যালির গোল্ডেন স্ক্রিন সিনেমার একটি প্রেক্ষাগৃহে। ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সংবাদকর্মী আর মালয়েশিয়ার নারীদের সংগঠন অল উইমেনস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার কর্মকর্তা ও সদস্যরা।

২০১৫ সালের মে মাসে মা দিবস উপলক্ষে ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানে নির্মিত ছবি ‘সুতপার ঠিকানা’। এরপর বিকল্প উপায়ে দেশের বিভিন্ন জেলা শহরে ও বিশ্ববিদ্যালয়ে দেখানো হয় ছবিটি।