মাসজুড়ে মুক্তিযুদ্ধের পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার যাত্রাদলে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি অনুযায়ী মুক্ত আলোচনা, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের পালা মঞ্চায়ন শুরু হয়েছে মাসের শুরু থেকেই। দলগুলো যেখানে যে প্যান্ডেলে রয়েছে, সেখানেই অনুষ্ঠান উদ্যাপন করছে। যাত্রা সূত্রে জানা গেছে, ‘যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২’ পাস হওয়ার পর থেকে প্রতিটি দলের পালা নির্বাচন, উপস্থাপনা ও বিষয় আঙ্গিকে আমূল পরিবর্তন এসেছে। মহান স্বাধীনতা দিবসকে হূদয়ে ধারণ করে দলের মালিক, প্রধান অভিনেতা-নির্দেশক উদ্বুদ্ধ হচ্ছেন। গৎবাঁধা নিয়মনীতির বাইরে এসে লোকরঞ্জনের ওপর বেশি গুরুত্ব দিয়ে প্রযোজনায় নামছেন। এদিক দিয়ে বেশ কয়েকটি দলের মালিক মাসব্যাপী অনুষ্ঠান আয়োজন করে এগিয়ে আছেন। পারুল চৌধুরীর সুন্দরবন অপেরা আছে শ্যামগঞ্জে। দলটিতে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান-বাজনার পালা মঞ্চায়ন হচ্ছে। মৌসুমী পারভীনের নিউ ভোলানাথ অপেরার প্রযোজনা হচ্ছে ঠাকুরগাঁও সদরে। মুক্তিযুদ্ধবিষয়ক পালা মঞ্চায়নের পাশাপাশি দলটি নৃত্য-গীতে দেশাত্মবোধক গান পরিবেশন করে দর্শকপ্রিয়তা পাচ্ছে। রাজধানী যাত্রা ইউনিট বরিশালের ইছলাদিতে মুক্ত আলোচনা, নৃত্য অনুষ্ঠান আর ঐতিহাসিক, দেশাত্মবোধক যাত্রাপালা মঞ্চায়ন করে যাত্রাগানে ভিন্ন মাত্রা আনতে সক্ষম হয়েছে।চৈতালী অপেরা নওগাঁ জেলার গুজিশহর, শিরিন অপেরা খুলনা জেলার ডুমুরিয়া, বৈকালী অপেরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, আদি বঙ্গশ্রী অপেরা জয়পুরহাটের গোপীনাথপুর প্যান্ডেলে পালা পরিবেশন করে দর্শকপ্রিয়তা পাচ্ছে। সুন্দরবন অপেরার মালিক পারুল চৌধুরী বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের স্বার্থে পরিবেশনা আর অভিনয়নীতিকে অপরিবর্তিত রাখলেও আধুনিক প্রয়োগ-কৌশল ব্যবহার করা উচিত। চৈতালীর স্বপন পান্ডে জানান, লোকজ যাত্রাগানে প্রযুক্তির ব্যবহার করে দর্শকপ্রিয়তা পাচ্ছি। নিউ ভোলানাথ অপেরার মালিক মৌসুমী পারভীন জানান, মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে পেশাদার দল-মালিকেরা মাসব্যাপী নানা অনুষ্ঠান পালন করছেন। একটি শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে যাত্রা আমাদের দেশে আবহমানকাল থেকে সামাজিক ও লোকশিক্ষা এবং নির্মল আনন্দদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্যগতভাবে যাত্রা কেবল বাংলা ভাষা এবং আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গই নয়, আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম প্রধান যোগসূত্র।