মাসানে মুগ্ধ তসলিমা নাসরিন

হিন্দি ছবি নিয়ে খুব বেশি আশাবাদী না হলেও, গত জুলাই মাসে মুক্তি পাওয়া ‘মাসান’ ছবি দেখার পর ভীষণ মুগ্ধ হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি এক টুইটার বার্তায় ‘মাসান’ ছবি ও এর পরিচালকের প্রশংসা করেন তিনি।
তসলিমা নাসরিন তাঁর টুইটার বার্তায় লেখেন, ‘হিন্দি ছবি নিয়ে আমি কখনোই খুব বেশি আশাবাদী ছিলাম না। কারণ বেশির ভাগ হিন্দি ছবিই অতিনাটকীয়তা আর নাচ-গানে ভরা। কিন্তু ‘‘মাসান’’ আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। নীরাজ ঘাওয়ানকে স্যালুট।’
তসলিমা নাসরিনের টুইট দেখার পর অভিভূত হয়ে যান ‘মাসান’ ছবির পরিচালক নীরাজ। তসলিমার টুইটের জবাবে তিনি লেখেন, ‘আমি অভিভূত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
‘মাসান (ফ্লাই অ্যাওয়ে সলো)’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নীরাজ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিচা চাদ্ধা, সঞ্জয় মিশরা, শোয়েতা ত্রিপাঠি, ভিকি কুশল প্রমুখ। ভারতে ছবিটি মুক্তি পেয়েছে গত ২৪ জুলাই।
এর আগে গত ১৯ মে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘মাসান’ ছবিটি প্রদর্শিত হয়। মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবটি থেকে দুটি পুরস্কার অর্জন করে। একটি প্রমিজিং ফিউচার প্রাইজ। আরেকটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি) অ্যাওয়ার্ড। ‘মাসান’ যৌথভাবে প্রযোজনা করেছে দৃশ্যম ফিল্মস, ফ্যান্টম ফিল্মস, মাকাচ্ছার প্রোডাকশনস এবং শিক্ষা এন্টারটেইনমেন্ট।