অধিকার আদায়ের যুদ্ধে প্রাণ দিয়ে গেছেন সাঁওতাল বিদ্রোহী নেতা আলফ্রেড সরেন। আদিবাসীদের কাছে আজও আদর্শের পুরুষ হয়ে বেঁচে আছেন এই নেতা। তাঁর প্রেরণা নিয়ে এখনো সাঁওতালেরা এগিয়ে চলছে। বাস্তব জীবনে তাঁকে পাওয়া না গেলেও ঢাকার মঞ্চে অগ্নিমূর্তি হয়ে জ্বলে ওঠেন আলফ্রেড সরেন। আরণ্যক নাট্যদলের রাঢ়াঙ নাটকের এই চরিত্রে অভিনয় করছেন আবু হাসিম মাসুদুজ্জামান। জনপ্রিয় এই চরিত্রটি ঢাকার সব দর্শকের কাছেই সমান প্রিয়। আলফ্রেড সরেন থেকে এবং বিদ্যাসাগর নাটকের ইন্দ্রমোহন চরিত্রেও মাসুদুজ্জামান পিছিয়ে নেই। তবে আসল খবর হলো, এবার অভিনয়ের আলোচনা থেকে বেরিয়ে এখন নির্দেশনাও দিচ্ছেন। হ্যামলেট অবলম্বনে এ নাটকটির নাম টুবি অর নট টুবি। আরণ্যক নাট্যদলের ব্যানারে তাঁর প্রথম প্রযোজনা এটি। ‘এর আগে দলের কর্মশালাভিত্তিক কয়েকটি প্রযোজনার নির্দেশনা দিলেও এটাই প্রথম নিয়মিত প্রযোজনা। এটি নিরীক্ষাধর্মী নাটক। ইতিমধ্যে এর প্রায় সাতটি প্রদর্শনী হয়েছে। ঢাকার বাইরেও প্রদর্শিত হয়েছে। সবখানে প্রশংসাও পেয়েছি।’ বললেন মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘অভিনয় থেকে নিয়মিত নির্দেশনায় যাওয়া আমার মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে কাজটি করতে পারব।’