মাস্টার ব্লাস্টারস টিভি ধারাবাহিকে শচীন
‘মাস্টার ব্লাস্টারস’ নামের একটি ত্রিমাত্রিক অ্যানিমেশন টিভি ধারাবাহিকে ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের অ্যানিমেটেড রূপ দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা। থ্রিডি বা ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিতব্য ২৬ পর্বের টিভি ধারাবাহিকটি যৌথভাবে প্রযোজনা করছে শিমারু এন্টারটেইনমেন্ট ও মুনস্কুপ এলএলসি।এ প্রসঙ্গে এক বিবৃতিতে শচীন বলেছেন, ‘সব সময় অ্যানিমেশনের জগত্ আমাকে মুগ্ধ করে। সন্তানদের সঙ্গে বসে এ ধরনের ছবি কিংবা অনুষ্ঠান দেখতে আমি খুবই পছন্দ করি। এবার নিজের অ্যানিমেশন রূপ টিভির পর্দায় দেখব। সত্যিই ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা হবে।’ শচীন আরও বলেন, ‘বাস্তব জগতের সীমাবদ্ধতার বাইরে অনেক কিছুই দেখানোর সুযোগ আছে অ্যানিমেশনের মাধ্যমে। আশা করছি, ‘মাস্টার ব্লাস্টারস’ টিভি ধারাবাহিকের নির্মাতারা দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও শিক্ষণীয় নানা বিষয়ও এতে অন্তর্ভুক্ত করবেন।’ ধারাবাহিকটির কাহিনি এগিয়েছে ভবিষ্যৎ সময়ের প্রেক্ষাপটে। এতে দেখা যাবে, মহাকাশযানের মতো একটি স্টেডিয়ামে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক সব ম্যাচে অংশ নেন। স্টেডিয়ামটি বিশ্বের যেকোনো জায়গায় উড়ে যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন তরুণ ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়ার জন্য শচীনকে নিয়োগ করে প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল ট্রেনিং অব ক্রিকেট হিরোস। আরেকটি দলের নেতৃত্ব দেন ক্রিকেটার পিটার টেইলর। শচীনের দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় পিটারের দলের।