মাহফুজ আহমেদের বিপরীতে হাসিন
ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ীর মুকুট পড়ার পর হাসিন টেলিভিশনে অভিষিক্ত হন অভিনেতা ও মডেল নোবেলের বিপরীতে। ‘আমাদের ছোট নদী’ নামের সেই নাটকটি পরিচালনা করেছিলেন তাহের শিপন। সেই হাসিন এবার অভিনয় করবেন মাহফুজ আহমেদের সঙ্গে। ‘শখা হে’ শিরোনামের নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ। গত ৩ থেকে ৫ সেপ্টম্বর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এ ব্যাপারে হাসিন প্রথম আলোকে বলেন, ‘প্রথম নাটকে নোবেল স্যারের সঙ্গে অভিনয় করেছি। দ্বিতীয় নাটকেই মাহফুজ আহমেদের মতো অভিনেতা আমার সহ-শিল্পী-ব্যাপারটি নিঃসন্দেহে আমার জন্য অনেক সৌভাগ্যের। ধীরে ধীরে স্বপ্নের সব মানুষগুলোর সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে, কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারব না।’হাসিন আরও বলেন, কয়েকদিন আগে ঈদের একটি ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং করছিলাম। তখনই মাহফুজ আহমেদের সঙ্গে দেখা হয়। ওইদিন রাতেই জানতে পারলাম তাঁর বিপরীতে আমাকে একটি নাটকে নেওয়া হচ্ছে। মাহফুজ ভাইয়ের সঙ্গে কাজ করে অভিনয়ের অনেক কিছুই শিখতে পেরেছি।জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর রাতে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটকটি।