মাহফুজ-বিন্দুর ক্রাইম রিপোর্টার
‘এটা আমার জীবনের সঙ্গে অনেক বেশি জড়িত। অভিনেতা না হলে আমি হয়তো আজ সাংবাদিকতায় একটা উল্লেখযোগ্য স্থানে থাকতাম। দীর্ঘ ১২ বছর সাংবাদিকতা করেছি। অভিনেতা হিসেবেও সাংবাদিকের জীবন আমার কাছে অনেক বেশি পরিচিত। তাই নাটকটিতে কাজ করাটা আমার জন্য অনেক বেশি সহজ। এ ছাড়া নাটকটির কাজ করে আমার অনেক বেশি ভালোও লাগবে।’ কথাগুলো বললেন অভিনেতা মাহফুজ আহমেদ। অনুরূপ আইচের রচনা এবং মুহাম্মাদ মোস্তফা কামালের পরিচালনায় নাটকটির নাম রাখা হয়েছে ‘ক্রাইম রিপোর্টার’।নাটকে মাহফুজ আহমেদের চরিত্রের নাম মিজান মালিক। পরিচালক সূত্রে জানা গেছে, একজন সাংবাদিকের জীবনঘনিষ্ঠ একটি কাহিনিকে নাটকে উপস্থাপন করা হয়েছে। তবে নাটকের প্রয়োজনে এর মধ্যে বেশ কিছু নাটকীয়তাও যোগ করা হয়েছে। তিনি আরও জানান, একজন সাংবাদিক এবং একটি মেয়ের ঘটনাই নাটকটির মূল বিষয়বস্তু। এ দুজনকে নিয়ে পুরো নাটকের ঘটনা আবর্তিত হয়েছে। ১৫ অক্টোবর থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক। নাটকে মাহফুজ আহমেদ ছাড়া আরও অভিনয় করছেন লাক্স তারকা বিন্দু। নাটকটিতে বিন্দুকে একজন সাংসদের মেয়ে হিসেবে দেখানো হয়েছে। যে কি না মানসিক ভারসাম্যহীন। ক্রাইম রিপোর্টার প্রসঙ্গে বিন্দু বলেন, ‘নাটকটি নিয়ে আমার সে রকম কোনো প্ল্যান নেই। এ পরিচালকের সঙ্গে আগে কাজ করে আমার এমন অভিজ্ঞতা হয়েছে। কারণ, তিনি যেভাবে চিন্তা করেন সেটা আসলে নিজের মতো করে আদায় করে নেন, অনেকটা বুঝে ওঠার আগেই। তাই কাজটা করছি ভেবেই শুধু মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এর বেশি আর কিছু ভাবতে চাই না।’ বিন্দু আরও বলেন, ‘নাটকটিতে আমি স্বনামেই অভিনয় করছি।’