মাহফুজা হিলালী ৫ প্রশ্ন

সম্প্রতি লোকনাট্যদলের লীলাবতী আখ্যান নাটকটির অর্ধশত মঞ্চায়ন হয়েছে। লিখেছেন নাসরীন মুস্তাফা। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকে লীলাবতী চরিত্রে অভিনয় করেছেন মাহফুজা হিলালী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
লীলাবতী চরিত্রে দশর্কের প্রতিক্রিয়া কেমন?
অনেক ভালো। লীলাবতী চরিত্রটি দর্শকের কাছে পৌঁছে দিতে পেরেছি বলে মনে করি। নাটকটির ৫০তম প্রদর্শনী দিনের একটা ঘটনার কথা বলি। নাটকের শেষ দৃশ্যে লীলাবতী চরিত্রের পরিণতি দেখে পঞ্চাশোর্ধ্ব এক নারী দর্শক অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে তাঁকে গ্রিনরুমে নিয়ে আমাকে দেখিয়ে তবে সুস্থ করা হয়। লীলাবতী চরিত্রটির পরিণতি দেখে তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে নাটক শেষে গ্রিনরুমে এসে আমার হাত আর ছাড়ছিলেন না। ওই সময় আমি নিজেও আবেগ ধরে রাখতে পারিনি।
খনাকে অবলম্বন করে গড়ে ওঠা এই নাট্যচরিত্রটি কীভাবে ধারণ করলেন?
ছোটবেলায় দাদির মুখ থেকে খনার বচন ও এই মহীয়সী নারীর অনেক গল্পই শুনেছি। লীলাবতী আখ্যান খনা এবং তাঁর সময়কে ধারণ করছে। খনা সম্বন্ধে বিভিন্নজনের লেখা এবং ওই সময়কাল ধরে লেখা সুবল চন্দ্র মিত্রের সরল বাঙ্গালা অভিধান পড়েও চরিত্রটির গড়ন ধরার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা, আমাকে চরিত্রটি উঠিয়ে দিতে নির্দেশক প্রচণ্ড পরিশ্রম করেছেন। প্রায় এক বছর সময় নিয়ে কাজটি করেছি।
অভিনয়ের পাশাপাশি আপনি তো নাটকও লেখেন?
২০০১ সাল থেকেই নাটক লিখি। আমার লেখা বেশির ভাগ নাটকই রবীন্দ্রনাথের গল্পের নাট্যরূপ। এর মধ্যে আছে বদনাম, শেষের কবিতা, ভিখারিনী, ছুটি ইত্যাদি। এ ছাড়া রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে ছেলেবেলার রবি নামে একটি মৌলিক নাটকও লিখেছি। নাটকগুলো দেশের বিভিন্ন জেলার নাটকের দল মঞ্চে এনেছে। নাট্যকার হিসেবে ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘রবীন্দ্র-সাহিত্যের নাট্যরূপ’ শীর্ষক একটি কর্মশালায়ও অংশ নিয়েছি আমি।
নাটক বিষয়ে আপনি গবেষণাও করছেন...
হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘রবীন্দ্রনাট্যে নারী’ বিষয়ে গবেষণা করছি। সেই সূত্রে রবীন্দ্রনাথের যেসব নাটকে নারী চরিত্র আছে, সেই নাটকগুলো নিয়েই কাজ করছি।
থিয়েটার নিয়ে পরিকল্পনা কী?
প্রায় এক যুগ ধরে যুক্ত আছি মঞ্চের সঙ্গে। মানুষকে প্রভাবিত করার ক্ষেত্রে মঞ্চনাটকের ভূমিকা অনেক। এ ছাড়া মানুষের মধ্যে কল্যাণবোধ জাগিয়ে তুলতেও এ মাধ্যমের ভূমিকা রয়েছে। তাই মঞ্চনাটক রচনা বা অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকতে চাই, মানুষকে জাগাতে চাই।