মাহফুজের নতুন ধারাবাহিক সম্প্রচারে

চ্যানেল আইয়ে সপ্তাহের প্রতি শনি ও রোববার সন্ধ্যায় প্রচারিত হচ্ছে মাহফুজ আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে’।
নাটকের নাম প্রসঙ্গে মাহফুজ জানিয়েছেন, ‘নগরজীবনের সঙ্গে আমরা নানাভাবে মিশে গেছি। কিন্তু আমাদের অনেকেরই শিকড় গ্রামে। এই নাটকের মধ্য দিয়ে সবাইকে আবার গ্রামে ফিরিয়ে নিতে চাই। আমি বিশ্বাস করি, নামটির মাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হবেন।’
মাহফুজ আরও বলেন, ‘আমার এ নাটকে দর্শকেরা ছয়টি ঋতু দেখতে পাবেন। এতে থাকবে প্রকৃতি, গাছপালা, নদী আর পরিবেশ। গ্রাম আর গ্রামের মানুষ নিয়েই তৈরি হয়েছে নাটকের গল্প।’
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকের অভিনয়শিল্পীরা হলেন মিশা সওদাগর, রিচি, সুমাইয়া শিমু, মোনালিসা, ফজলুর রহমান বাবু, আরফান, মাজনুন মিজান, আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সোহেল খান, ফারুক আহমেদ প্রমুখ।
এই নাটকের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর। মিশা সওদাগর প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘চলচ্চিত্রে আমরা সাধারণত মিশাকে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখি, এই নাটকে তেমনটা দেখা যাবে না। একেবারে বিপরীতধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা। আর তাঁর অভিনয় নিয়ে তো বলার কিছু নাই। চলচ্চিত্রে ব্যস্ত একজন অভিনয়শিল্পী হওয়া সত্ত্বেও আমার পরিচালিত নাটকে অভিনয় করার জন্য তার প্রতি কৃতজ্ঞ।’
চ্যানেল আইয়ে মাহফুজ আহমেদের ধারাবাহিক নাটক ‘চৈতা পাগল’ প্রচারিত হয়েছিল দুই বছর আগে।