মাহফুজের বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসান (ভিডিও)
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবারে কাজ করবেন অভিনয়শিল্পী ও নির্মাতা মাহফুজ আহমেদ পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রে। মাহফুজ আহমেদের পরিচালনায় ‘টিফিন বিস্কুট’ নামের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হতে যাচ্ছেন বিশ্বসেরা এই ক্রিকেট অলরাউন্ডার। জানা গেছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হবে। এতে কাজ করার পাশাপাশি সাকিব আল হাসানকে পণ্য-প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘শুভেচ্ছা দূত’ও নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞাপনচিত্রটির শুটিং এবং শুভেচ্ছা দূত হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি স্বাক্ষর উপলক্ষে আজ রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ, পরিচালক (বিক্রয় ও বিপণন) খায়রুল আনাম, এজিএম সাইফুল ইসলাম, অভিনেতা ও নির্দেশক এবং নকশিকাঁথা কমিউনিকেশনের প্রধান নির্বাহী মাহফুজ আহমেদ ও শুভেচ্ছা দূত সাকিব আল হাসান।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ‘সত্যি কথা বলতে আমি নিজেকে এই পণ্যটির সঙ্গে যুক্ত করতে পেরে খুবই আনন্দিত। আমি দেখেছি, তাঁরা ব্যবসায়িক দিকটির চাইতে সামাজিক বিষয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এটাই আমাকে এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে বেশি অনুপ্রাণিত করেছে। এমনিতেই আমি নিজেকে সব সময় খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখতে চাই। আমি আশা করছি, গ্লোব গ্রুপের সঙ্গে আমার বন্ধুত্বটা ভালো কাজ করবে।’মাহফুজ আহমেদ বলেন, ‘বিজ্ঞাপনচিত্রটিতে কাজ করার পাশাপাশি সাকিব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন। বিজ্ঞাপনচিত্রটিতে আমরা সেটাও দেখানোর চেষ্টা করব।’গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, ‘আমাদের দেশে অনেক প্রতিভাবান আছেন, যাঁরা সুযোগের অভাবে নিজেদের প্রতিভার বিকাশ করতে পারেন না। সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে পাওয়ার মধ্য দিয়ে নতুন কিছু প্রতিভাকে যদি দেশের স্বার্থে এগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সার্থক হবে। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে গ্লোব পরিবার কাছে পেয়ে খুব আনন্দিত।’