মাহমুদ সানীর ‘প্রার্থনা’
ঈদ উপলক্ষে লেজারভিশন থেকে প্রকাশিত হয়েছে বর্তমান সময়ের আলোচিত সংগীতপরিচালক ও গায়ক মাহমুদ সানীর নতুন একক অ্যালবাম ‘প্রার্থনা’। এটি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম। দুই বছর আগে প্রকাশিত হয়েছিল সানীর প্রথম একক অ্যালবাম ‘না বলা কথা’। এরপর বিভিন্ন শিল্পীর নতুন নতুন অ্যালবামের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এরই ফাঁকে গত ছয় মাস নিজের দ্বিতীয় একক ‘প্রার্থনা’র কাজ করেছেন তিনি। এ অ্যালবামে গান রয়েছে নয়টি। এর মধ্যে দ্বৈত গান পাঁচটি; গানগুলোতে সানীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, আর্নিক, নাওমি, খেয়ালী ও সাবরিনা সাবা। সানীর একক গান রয়েছে চারটি। এর বাইরে বোনাস ট্র্যাক হিসেবে আছে দুটি গানের হিন্দি ভার্সন।অ্যালবামটি প্রসঙ্গে মাহমুদ সানী বলেন, ‘গত দুই বছর অন্যের অ্যালবামের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু সব সময়ই শ্রোতাদের অনুরোধ ছিল নতুন একক অ্যালবামের। তাদের কথা মাথায় রেখেই দ্বিতীয় অ্যালবামটি করা। হিপহপ, রক, মেলোডিসহ সব ধরনের গান রাখার চেষ্টা করেছি নতুন অ্যালবামে। দুটি গানের হিন্দি ভার্সন রেখেছি বোনাস ট্র্যাক হিসেবে। খুব শিগগির মিউজিক ভিডিও করা হবে বেশ কটি গানের। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘প্রার্থনা’ অ্যালবামের চারটি গানের কথা লিখেছেন মাহমুদ সানী। অন্য গানগুলোর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, আর আই রুবেল ও সাবরিনা সাবা।