মাহমুদুল হকের ‘কালো বরফ’ নিয়ে ডিজিটাল ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদুল হকের কালো বরফ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে ডিজিটাল ছবি। উপন্যাসের মতোই ছবিটির নাম কালো বরফ। দেশভাগের যন্ত্রণা, সাম্প্রদায়িকতার কষ্ট ও এর ফলে সৃষ্ট মানুষের আশ্রয়সংকটের গল্প তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে। সম্প্রতি খুলনায় ছবিটির কাজ শেষ হয়েছে। পরিচালনা করছেন আমিরুল ইসলাম। পরিচালক জানালেন, তিনি মাহমুদুল হকের জীবদ্দশায় এ উপন্যাসটি নিয়ে লেখকের সঙ্গে ছবি তৈরির ব্যাপারে আলোচনা করেছিলেন। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অলোক চক্রবর্তী। ছবিটির অভিনয়শিল্পীদের মধ্যে জনপ্রিয় কেউ নেই। তবে তাঁদের মধ্যে প্রায় সবাই থিয়েটারের সঙ্গে জড়িত আছেন। এ ব্যাপারে আমিরুল ইসলাম বলেন, ‘উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অনন্য কীর্তি। আমিও চেষ্টা করছি উপন্যাসের মতো করেই ছবিটি তৈরি করতে। এ জন্য বেশ ধরে ধরে ও একটু সময় নিয়ে কাজ করছি। এ ক্ষেত্রে জনপ্রিয় শিল্পীদের সময় পাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে। তাই মঞ্চের শিল্পীদের নিয়েছি।’ছবির বেশির ভাগ কাজ শেষ। কাজ হয়েছে খুলনা, বাগেরহাটের ফকিরহাট ও সুন্দরবনের উপকূলীয় এলাকায়। পরিচালক আরও জানান, ছবিটি আগামী ২৬ মার্চ মুক্তি দিতে চান তিনি। সেভাবেই সব কাজ এগিয়ে চলছে।