
তখন সবেমাত্র স্কুলে যাওয়া শুরু হয়েছে। উত্তরায় আমাদের বাসার পাশেই ছিল ছেলেটির বাসা। ছেলেটি দেখতে খুব কালো, দাঁত বাঁকা। প্রথম প্রথম দেখলে ভয় পেতাম। কারণ, ওই সময় ফরসা ছেলে আমার বেশি পছন্দ ছিল। বিকেলে মাঠে খেলতে গেলে আমার আশে পাশে ঘুরঘুর করত ছেলেটি। দূরে থেকে আমার খোঁজখবর নিত। পাড়ার ছেলেরা ওকে দেখে ভয় পেত। ওর কারণে অন্য ছেলেরা আমার কাছে আসতে সাহস পায়নি। আর তা আমি খুব উপভোগ করতাম। বুঝতে পারতাম, ছেলেটি আমাকে ভালোবাসে।
আমাদের বাসার পাশেই সব সময় আড্ডা দিত। স্কুলে যাওয়ার সময়ও দেখতাম, আবার ফেরার সময়ও দেখতাম। ছেলেটির বাঁকা দাঁতের হাসি সুন্দর লাগত।
পাড়ার সবাই জেনে যায়, ছেলেটি আমাকে ভালোবাসে। বিষয়টি মা টের পেয়ে যান। বাসার ছাদ আর বারান্দা আমার জন্য নিষিদ্ধ হলো। কড়া নজর আমার ওপর। তবে টিফিনের সময় স্কুলের পাশে পার্কে এসে ছেলেটি আমার জন্য অপেক্ষা করত।
আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি। নানা রঙের কাগজে আমাকে ও চিঠি লিখত। একদিন ছেলেটি তাঁর হাত কেটে রক্ত দিয়ে আমাকে চিঠি লিখেছে। আমিও রক্ত দিয়ে চিঠির উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যেই কথা সেই কাজ।
আমি ওর নাম দিয়েছি কালো মানিক। আমি তখন দশম শ্রেণিতে পড়ছি। কোন ছেলে আমার দিকে তাকাল, কোন ছেলে আমার সঙ্গে প্রেম করতে চায়, আমাকে চিঠি দিয়েছে—এসব নিয়ে ও প্রায়ই পাড়ার ছেলেদের সঙ্গে মারপিট করত। একদিন পাড়ার সবাই মিলে এলাকা থেকে ওকে বের করে দেয়। পরিবারসহ ছেলেটি অন্য এলাকায় চলে যায়। আমার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর আর কখনোই ছেলেটি আমাদের এলাকায় আসেনি।
ছয়-সাত বছর হয়ে গেল, ছেলেটির সঙ্গে আর দেখা হয়নি। প্রথম প্রেমের স্মৃতি খুবই মধুর! সত্যি বলছি, এখন আর ফরসা ছেলে আমার ভালো লাগে না।