মাহির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহি। ছবি: খালেদ সরকার
মাহি। ছবি: খালেদ সরকার

একজন টিভি প্রতিবেদক। টিভির অনুষ্ঠানে তিনি একজন আদর্শ নেতা খুঁজছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখোমুখি হচ্ছেন। নানা বিষয়ে তাদের সঙ্গে কথা বলছেন। একসময় হতাশ হচ্ছেন। অল্প সময়ের মধ্যেই এই নেতাদের কারও কারও মুখোশ খুলে যাচ্ছে। বেরিয়ে আসছে অন্য রূপ। ক্ষমতার লোভ। ভালো মানুষ সেজে দেশের ক্ষতি করছে। ক্ষমতার লোভে মানুষ আর মানুষ থাকছে না। তার মধ্যে দেখা যাচ্ছে পশুর আচরণ। এটি একটি ছবির গল্প। ছবির নাম দেশা দ্য লিডার। টিভির এই প্রতিবেদকের চরিত্রে অভিনয় করছেন মাহি। জানালেন, দেশা দ্য লিডার তাঁর ১০ নম্বর ছবি। মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। 
মাহির সঙ্গে কথা হবে। কিন্তু কোথায় মাহি? অনেক দিন তাঁর মুঠোফোনটি বন্ধ ছিল। অবশেষে তাঁকে পাওয়া গেল গত রোববার সন্ধ্যায়। জানালেন, ১৩ দিন দেশের বাইরে ছিলেন। কাজ করতে করতে হাঁফিয়ে উঠেছিলেন। তাই একটু বেড়াতে যান।
কোথায় বেড়াতে গিয়েছিলেন?
‘যুক্তরাষ্ট্রে।’ বললেন মাহি। ‘নিউইয়র্কেই ছিলাম। ওখানে টাইমস স্কয়ার, স্টাচু অব লিবার্টি দেখেছি। তখন ওখানে খুব তুষারপাত হচ্ছিল। সেই দৃশ্যও ছিল দেখার মতো। চারদিকে শুধু সাদা। নিউইয়র্কে ছিলাম তিন দিন।’
ওখানে তো ছিলেন মাত্র তিন দিন। এরপর?
‘আমি যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করছি। নাম রোমিও ভার্সেস জুলিয়েট। পরিচালক অশোক পাতি। ভারতের এসকে মুভিজ আর বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করছে। আমার সঙ্গে অভিনয় করছেন ভারতের বাংলা ছবির নায়ক অংকুশ। এই ছবির ডাবিংয়ের কাজ ছিল। এর জন্য নিউইয়র্ক থেকে সোজা কলকাতায় চলে আসি। এবারও বেড়ানোর সুযোগ পেয়ে গেলাম। ডাবিংয়ের কাজ শেষ করে চলে যাই দিল্লি, আগ্রা আর আজমিরে। রাজস্থানে থর মরুভূমিতে উটের পিঠে চড়েছি। এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না।’
দেশে ফিরেছেন কবে?
‘শনিবার। আরও কিছুদিন থাকলে ভালো হতো। আরও কিছু জায়গা দেখতে পেতাম। কিন্তু সম্ভব না। সোমবার থেকে ফেয়ার অ্যান্ড লাভলীর একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নিতে হবে। এই প্রোগ্রামটি আগে থেকেই চূড়ান্ত ছিল। আবার দেশা দ্য লিডার ছবির প্রচারণাতেও থাকতে হবে। সব মিলিয়েই আর থাকা হলো না। তবে সময়-সুযোগ পেলে আবার ভারতে ঘুরতে যাব।’
রোমিও ভার্সেস জুলিয়েট ছবির কাজ শেষ হয়েছে?
‘না, এই ছবির কাজের জন্য আবার কলকাতায় যেতে হবে। এই ছবির অনেকটুকু কাজ করেছি লন্ডনে। ঢাকায় অল্প কিছু কাজ হয়েছে। লন্ডনের পাশেই আমরা কাজ করছিলাম। ওই দিন ছিল কোরবানির ঈদ। আমার মনে ঈদের আনন্দ, কিন্তু সেটের কারও সেদিকে কোনো খেয়াল নেই! ঈদে কোথায় মজা করব, মজার মজার খাবার খাব; তা না, সেদিন খেতে হয়েছে বার্গার। খুব মন খারাপ হয়েছিল। ২৭ অক্টোবর ছিল আমার জন্মদিন। সারা দিন কাজ করেছি। কেউ আমাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেনি। মন খারাপ হলেও এটাই তো বাস্তব। কাজটা আগে শেষ করতে হবে। আমিও সেদিকটাকেই গুরুত্ব দিয়েছি।’
অংকুশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মাহি বললেন, ‘ওর সঙ্গে কাজ করার পর মনে হয়েছে, আমি অভিনয়ের একটা পুরো কোর্স শেষ করেছি।’
প্রায় কাছাকাছি সময়ে মুক্তি পাচ্ছে মাহির পাঁচটি ছবি। ২৬ ডিসেম্বর দেশা দ্য লিডার, ৯ জানুয়ারি ওয়ার্নিং, ২৩ জানুয়ারি রোমিও ভার্সেস জুলিয়েট, ৬ ফেব্রুয়ারি বিগ ব্রাদার আর ১০ এপ্রিল অনেক দামে কেনা।
মাহি বললেন, ‘এটা তো আমার জন্য খুব আনন্দের খবর। পাশাপাশি ভয়ও হচ্ছে। একটু চাপ অনুভব করছি। কারণ কাছাকাছি সময়ে এতগুলো ছবি, জানি না দর্শক কীভাবে নেবেন।’
মানসিক চাপ যেমনই হোক, মাহি এবার তাঁর এই পাঁচটি ছবির সাফল্য দেখার জন্য অপেক্ষা করছেন।