মাহির মোহনায়
তখন সবে স্কুলে যাওয়া শুরু হয়েছে। এ সময় কেউ যদি মেয়েটিকে জিজ্ঞেস করত, ‘তুমি বড় হয়ে কী হবে?’ উত্তরে আধো আধো কণ্ঠে সে বলত, ‘আআআমি, হুমমম...ডাট্টার হব...ডাট্টার!’। ওদিকে মাস, বছর পেরিয়ে মেয়েটি বেড়ে ওঠে। দিনে দিনে ছোটবেলার স্বপ্ন হয়ে যায় ধূসর। উচ্চমাধ্যমিক পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন ফ্যাশন ডিজাইনে। নতুন স্বপ্নরা এসে জড়ো হয় আবার। রাস্তার বড় বড় বিলবোর্ডের মডেলরা যেন তাঁকে হাতছানি দিয়ে ডাকেন। সেই ডাক সারাক্ষণ ঘুরপাক খায় মাথায়। পাঠক, এসব নায়িকা মাহিয়া মাহির গল্প। ‘বিলবোর্ডে মডেলদের ছবি দেখে ভাবতাম, ইস্! এখানে যদি আমার ছবি থাকত! সবাই চিনত আমাকে—কী মজাই না হতো!।’ জাজ মাল্টিমিডিয়ার অফিসে বসে স্মৃতির মন্থন করছিলেন মাহিয়া মাহি। সম্প্রতি চলচ্চিত্রে তাঁর পথচলা শুরু হয়েছে।মাহি অভিনীত ভালোবাসার রং ও অন্যরকম ভালোবাসা মুক্তি পেয়েছে। দুটি ছবিই এসেছে দর্শক-আলোচনায়।আপনার অভিনয় নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন? ‘আমি নিজেই কয়েকবার হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে ছবি দুটি দেখেছি। কোনো দৃশ্যে দর্শকেরা তালি দিচ্ছেন আবার কোনো কোনো দৃশ্যে ছবি দেখছেন নীরব হয়ে।’—মাহির উত্তর। মাহি একদিন ভেবেছিলেন, ডাক্তার হবেন। মাঝপথে এসে মডেল। কিন্তু হয়ে গেলেন চলচ্চিত্রাভিনেত্রী। কীভাবে হলো এই পথে শুরু?সখের বসে একবার ফটোসেশন করে কয়েকটি ছবি ফেসবুকে ছেড়ে দিলেন। তাঁর এক পরিচিত বোন ছবিগুলো দেখে জাজ মাল্টিমিডিয়াতে ওগুলো জমা দিতে বললেন। ‘ওরে বাবা, সিনেমার নায়িকা! এ চিন্তা একবিন্দুও মাথায় ছিল না। যতবারই বোন বলেন, ততবারই এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিই। অবশেষে বোনের চাপাচাপিতে তাঁর সঙ্গেই একদিন জাজে গেলাম। ছবি জমা দিলাম। এক সপ্তাহ পরেই ডাক এল। আমি তো অবাক! গেলাম এবং ওদিনই ভালোবাসার রং ছবিতে চুক্তিবদ্ধ!’ এরপর তো মাহির ঘুম হারাম। দিন-রাত যেন একাকার হয়ে গেল। ‘প্রথমে ভয় হচ্ছিল। টানা এক মাস সহ-অভিনেতা বাপ্পীর সঙ্গে গ্রুমিং করে তারপর শুরু হলো শুটিং। প্রথম দিনই ঘটল মজার ঘটনা।’এবার সেই ঘটনা জানতে প্রশ্ন ছুড়লাম। ‘ভোর ছয়টায় মেকআপ নিতে হলো। সারা দিন বসে আছি। এভাবে রাত ১২টা। ঘুমিয়ে পড়লাম। একসময় আমাকে ডাকা হলো শট নেওয়ার জন্য। দৃশ্যটা বিছানায় ঘুমানোর। দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে ডাকা হচ্ছে। কিন্তু আমি উঠি না। উঠব কেমন করে? ঘুমের ঘোরে এসে ক্যামেরার সামনে শুয়েই আবার ঘুমিয়ে গেছি। জাগার পর দেখি, সবাই হেসে গড়িয়ে পড়ছেন।’ ঘটনাটি বলতে গিয়ে মাহি নিজেও হাসলেন। বললেন, ‘দ্বিতীয় ছবি মুক্তির পর নিজের প্রতি আস্থা বেড়েছে।’সম্প্রতি শাকিব খান ও আরফিন রুমির বিপরীতে ভালোবাসা আজকাল এবং অগ্নি নামে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। ভালোবাসার রং, অন্যরকম ভালোবাসা থেকে ভালোবাসা আজকাল—চলচ্চিত্রের প্রথম থেকেই ‘ভালোবাসা’র জালে নিজেকে জড়িয়ে ফেলেছেন? প্রশ্ন শুনে মুখের হাসির রেখা আরও বড় হয়ে উঠল তাঁর। ‘ভালোবাসতেই ভালোবাসি। তাই দর্শকের ভালোবাসার জালে ধরা খেয়েছি। হা হা হা...।’ এরপর বললেন, মুক্তিপ্রাপ্ত দুটি ছবিই রোমান্টিক। দর্শক মুখ ফিরিয়ে নেননি।’ ঢালিউডে তাঁর পছন্দের তারকা শাবনূর। ‘শাবনূরের অভিনয় আমার প্রিয়। তাঁর মতো করেই হাঁটতে চাই।’ কিন্তু এ জন্য নিজের প্রস্তুতি কেমন? ‘অভিনয়টা ভালো করে রপ্ত করার জন্য এখন প্রচুর ছবি দেখছি। নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছি।’কথোপকথনের শেষ বেলায় পাঠককে মাহি জানিয়ে রাখেন, চলচ্চিত্রে একজন ভালো অভিনেত্রী হিসেবেই নিজেকে দেখতে চান তিনি। মাহির মোহনায় তাই স্বপ্ন—সুদূরের হাতছানি।