মায়াকে নিয়ে ফুয়াদ যুক্তরাষ্ট্রে
গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির এখন যুক্তরাষ্ট্রে। সঙ্গে আছেন তাঁর সদ্য বিয়ে করা স্ত্রী মায়া। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। ফুয়াদের পরিবারের সদস্যরা সবাই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের সঙ্গে দেখা করার জন্যই ফুয়াদ-মায়া সেখানে গেছেন বলে জানা গেছে। থাকবেন প্রায় মাসখানেক। এক মাসের সফরে ফুয়াদ ও মায়া সেখানে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াবেন।যুক্তরাষ্ট্র যাওয়ার আগে ফুয়াদ জানান, ‘এ বছরের ১৩ ফেব্রুয়ারি আমি ও মায়া ভালোবেসে বিয়ে করি। কাজের চাপ এবং অন্যান্য ব্যস্ততার জন্য বিয়ের পর আমরা পরিবারের কারও সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। অনেক দিন ধরে সুযোগ খুঁজছিলাম বাইরে বেড়াতে যাওয়ার। কিন্তু কোনোভাবেই সেটা পারছিলাম না। বর্তমানে কাজের চাপ কিছুটা কম থাকায় বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।’জানা গেছে, জুনে দেশে আসার পর সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার ইচ্ছা আছে ফুয়াদের। এ ছাড়াও ব্যস্ত হয়ে পড়বেন বেশ কয়েকজন শিল্পীর একক এবং মিশ্র অ্যালবামের কাজ নিয়ে।ফুয়াদের স্ত্রী মায়া কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক শেষ করেছেন। বর্তমানে ‘ক্লিনিক্যাল থেরাপি’র ওপর স্নাতকোত্তর করার প্রস্তুতি নিচ্ছেন।