মায়েদের গল্প
১২ মে মা দিবস। চলচ্চিত্রে ‘মা’ চরিত্রে অভিনয় করে প্রতিষ্ঠা পেয়েছেন, এমন কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা বলে তৈরি হয়েছে এই লেখামায়ের ডাকে সাড়া দিতে গিয়ে ঝঞ্ঝামুখর রাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নদী সাঁতরেছিলেন—মমতাময়ী মায়ের জন্য সন্তানদের এই একটি দৃষ্টান্তই নয়, মাকে কেন্দ্র করে কাহিনি আছে ভূরি ভূরি। মা—পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দের একটি। মাকে নিয়ে আমাদের আবেগের শেষ নেই। টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দায় যে অভিনয়শিল্পীরা মায়ের চরিত্রে অভিনয় করেন, দর্শকের কাছে তাঁদের পরিচিতি মা হিসেবেই।এসব অভিনয়শিল্পীর অনেকের গল্প এমন, ব্যক্তিজীবনে যখন তাঁরা মা হননি, তখনো দর্শক তাঁদের চিনেছে মা হিসেবে! কারণ, তখন থেকেই তাঁরা মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে সুপরিচিত। বিশ্ব মা দিবসকে সামনে রেখে টেলিভিশন ও চলচ্চিত্রে মা চরিত্রে অভিনয় করা কয়েকজন অভিনয়শিল্পীকে নিয়ে এই আয়োজন—মায়েদের গল্প।আনোয়ারাএ পর্যন্ত তিনি অভিনয় করেছেন প্রায় সাড়ে ছয় শ চলচ্চিত্রে। এর মধ্যে সাড়ে চার শ চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রে আনোয়ারার শুরু আজান ছবিতে নায়িকা চরিত্রে। এরপর সরাসরি মায়ের চরিত্র নয়, নয়নমণি ছবিতে অভিনয় করেছিলেন নায়ক ফারুকের চাচির চরিত্রে। আনোয়ারার কথা, ‘চাচি তো মা-ই। আমি যে অভিনয়শিল্পীদের মায়ের ভূমিকায় অভিনয় করেছি, তারা যত না আমাকে মা বলে ডেকেছে, তার চেয়ে বেশি ডেকেছে বা ডাকে দর্শকেরা। প্রথম দিকে বিষয়টি খারাপ লাগলেও এখন মনে হয়, এই যে দর্শক আমাকে মা, আম্মা বলে সম্মান দিচ্ছে, এটা আমার অভিনয়জীবনের অনেক বড় প্রাপ্তি। মায়ের মতো আর কেউ কি হয়? হয় না।’দিলারা জামান১৯৫৮ সালে দিলারা জামান যখন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী, তখনই তিনি অভিনয় করেছিলেন মায়ের চরিত্রে। তবে সেটি ছিল মঞ্চনাটকে অভিনয়। এরপর টিভিতে প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন গত শতকের আশির দশকের প্রথমার্ধে। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে এইসব দিনরাত্রি নাটকের দিলারা জামানকে। এখানে তিনি বুলবুল আহমেদ ও আসাদুজ্জামান নূরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আবার অয়োময় নাটকে মির্জা সাহেবের মাও তিনি।‘যখন মা হইনি, তখন থেকেই মায়ের চরিত্রে অভিনয় করছি। তবে ব্যক্তিজীবনে মা হওয়ার পর মা চরিত্রে অভিনয় করতে গিয়ে অন্য রকম অনুভূতি হলো। আমার দুই মেয়ে। একজন কানাডা ও অন্যজন যুক্তরাষ্ট্রপ্রবাসী। এখন মায়ের ভূমিকায় অভিনয় করতে গেলে বারবার ওদের কথা মনে হয়, ওদের অনুভব করি। সংলাপ বলতে গেলে নিজের সন্তানদের কথা মনে হয়—আপনাতেই চোখে পানি চলে আসে।’দিলারা জামান যাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনেও তাঁদের সঙ্গে তাঁর মা-সন্তানের সম্পর্ক। ‘আমি যাদের মায়ের ভূমিকায় অভিনয় করেছি, তারা সবাই আমাকে মা হিসেবেই মান্য করে। আমাকে মা ছাড়া কথা বলে না। আমার সন্তানেরা তো দেশে থাকে না, তাই ওরাই সব সময় আমার খোঁজখবর রাখে। বলে, “মা, আপনার কোনো সমস্যা হলে আপনি আমাদের জানাবেন।” এত মায়া, এত ভালোবাসা আমি কোথায় রাখি!’ডলি জহুরমজার ব্যাপার হলো, ডলি জহুরের একমাত্র ছেলে রিয়াসাত আজীম সেসব অভিনেতা-অভিনেত্রীর ঈর্ষা করেন, যাঁরা তাঁর মাকে মা বলে ডাকেন, নানা সময়ে খোঁজখবর করেন। ডলি জহুর বললেন, ‘পর্দায় যাদের মায়ের ভূমিকায় অভিনয় করি, পরে তাদের সঙ্গে তো মা-সন্তানের সম্পর্ক হয়ে যায়। ফলে, বিভিন্ন সময় ওরা আমাকে ফোন করে। বেশির ভাগ সময় ফোনটা আমার ছেলেই ধরে। ধরেই আমাকে বলে, “নাও, তোমার ছেলে ফোন করেছে, মেয়ে ফোন করেছে।” হা হা হা।’ব্যক্তিগত জীবনে ডলি জহুর মা হয়েছেন একটু দেরিতে—বিয়ের নয় বছর পর। তবে মা হওয়ার আগ থেকেই মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি সাবলীল। এইসব দিনরাত্রির টুনির মাসহ টেলিভিশন ও চলচ্চিত্রে সেই প্রমাণ ছড়িয়ে আছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে মেয়েরা জন্মসূত্রেই মা। শৈশবে পুতুল খেলার বয়স থেকেই তারা পুতুলের সঙ্গে মায়ের অভিনয় করে। মা হওয়ার জন্য তাদের যুদ্ধ করতে হয় না।’শর্মিলী আহমেদচলচ্চিত্রে প্রথমে তিনি অভিনয় করেছেন নায়িকা চরিত্রে। এরপর নায়িকা থাকা অবস্থায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করলেন ১৯৭৬ সালে আগুন ছবিতে। তারপর মমতাময়ী মায়ের রূপে হামেশাই টেলিভিশন ও চলচ্চিত্রে হাজির হয়েছেন শর্মিলী আহমেদ।‘এখন যখন যার সঙ্গে মায়ের চরিত্রে অভিনয় করি, তখন মনে হয়, ওরাই আমার সন্তান। ওরা সবসময় আমাকে মা বলে ডাকে। আমার মেয়ে তনিমা যখন ছোট ছিল, সে সময় ও বিষয়টি নিয়ে কান্না জুড়ত। বলত, “আমার আম্মাকে ওরা কেন আম্মা বলবে?” আসলে মা একটি অন্য রকম অনুভূতি। এই অনুভূতির তুলনা নেই।’