মায়েদের গল্প নিয়ে নাটক
আগামীকাল থেকে আরটিভিতে শুরু হচ্ছে মেরিল বেবি নিবেদিত বিশেষ নাটক মায়েদের গল্প। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবির সৌজন্যে প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় নাটকগুলো প্রচারিত হবে। ২০০৯ মেরিল আদরে গড়া ভবিষ্যত্ কার্যক্রমে অংশ নিয়ে মায়েরা তাঁদের প্রথম মা হওয়ার অনুভূতির কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। সেখান থেকে বিচারকদের বাছাই করা চিঠির ছায়া অবলম্বনে নাটকগুলো বানানো হয়েছে।নাটকগুলোর মাধ্যমে একজন মেয়ের মা হওয়ার সময়কালের আনন্দ-বেদনার অনুভব, সন্তান নিয়ে ভাবনাচিন্তা, স্বপ্ন-আকাঙ্ক্ষাসহ নানা দ্বিধাদ্বন্দ্ব ও সমস্যা তুলে ধরা হয়েছে। মায়েদের গল্পে কাল দেখানো হবে ‘প্রতীক্ষা’ নাটকটি। নাটকটির গল্প গড়ে উঠেছে রূপা ও শামীম নামের দুই তরুণ-তরুণীর প্রেম-ভালোবাসাকে কেন্দ্র করে। রূপা ভালোবাসে শামীমকে। কিন্তু রূপার বাবা-মা তাদের এই সম্পর্ক মেনে নেন না। রূপা একদিন বাড়ি থেকে পালিয়ে শামীমকে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর রূপা অন্তঃসত্ত্বা হয়। এরপর ঘটনা গড়িয়ে যায় আপন গতিতে। প্রতীক্ষা নাটকটির নাট্যরূপ দিয়েছেন বরকতউল্লাহ মারুফ ও সোহেল আনোয়ার। এটি পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির। নাটকটিতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও সেঁউতি।