মায়েদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননা পাওয়া মায়েদের সঙ্গে অতিথিরা
সম্মাননা পাওয়া মায়েদের সঙ্গে অতিথিরা

মা দিবস উপলক্ষে সাতজন মাকে ‘গরবিনী মা’ বিশেষ সম্মাননা পুরস্কার দিয়েছে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল। এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের দুজনের মাকেও সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের মা যোবায়দা আহমেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। পাশাপাশি বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন আখতারও পান সম্মাননা।
গত রোববার বিকেলে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া অন্য মায়েদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মজিবুর রহমানের মা শাহানারা বেগম, জ্যেষ্ঠ সহকারী জজ ইফতেখার আহমেদের মা শামসুন নাহার, বিভিন্ন টেলিভিশনের সংবাদ উপস্থাপক তিন বোন ফারহানা সালাম, ফাহমিদা সালাম ও শারমিন সালামের মা খাদিজা বেগম এবং অদম্য মেধাবী অনুপ ভট্টাচার্য্যের মা অপর্ণা ভট্টাচার্য্য।
আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুল মান্নান, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুলজার হোসেন। মা দিবসে গত বছরও কীর্তিময়ী মায়েদের এ সম্মাননা দিয়েছিল আয়েশা মেমোরিয়াল হাসপাতাল।