মায়েদের হাতে 'আগলে রেখ মাকে'

মা দিবসে মায়েদের হাতে হাতে তুলে দেওয়া হলো গানের অ্যালবাম ‘আগলে রেখ মাকে’। বিশ্ব মা দিবস উপলক্ষে গতকাল সকালে মহাখালী ডিওএইচএস রাওয়া কনভেনশন সেন্টারের ২ নম্বর মিলনায়তনে আয়োজন করা হয়েছিল বিশেষ সম্মাননা পুরস্কার ‘গরবিনী মা’। এ আয়োজনে হাজির হওয়া মা ও অতিথিদের হাতে তুলে দেওয়া হলো সাজেদ ফাতেমীর সুরে অ্যালবাম ‘আগলে রেখ মাকে’। এ ছাড়া অ্যালবামের বেশ কয়েকটি গানও বাজিয়ে শোনানো হয়।
‘আগলে রেখ মাকে’ অ্যালবামটি প্রকাশিত হয় গত বছরের মা দিবসে। এর নয়টি গানে সুর করেছেন সাজেদ ফাতেমী। ‘গরবিনী মা’ পুরস্কারের আয়োজক প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, সম্মাননার সঙ্গে মায়েদের নিয়ে সুন্দর গানগুলো মা দিবসের যথার্থ উপহার।
নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের মায়েদের সম্মাননা জানাতে ২০১৪ সালে এ পুরস্কারের প্রবর্তন করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এতে সম্মাননা পাওয়া মায়েরা হলেন ক্রিকেট তারকা তামিম ইকবালের মা নুসরাত জাহান ইকবাল, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের মা বেগম রৌশন আরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের মা বেগম হালিমা খাতুন, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের শিক্ষক এ বি এম খুরশিদ আলমের মা জাহানারা হক, টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারের মা রুহিলা খাতুন, গীতিকার কবির বকুলের মা নাজমা আক্তার, অভিনেতা অপূর্বর মা ফিরোজা আহমেদ, অভিনেত্রী মমর মা আয়েশা আকতার ও অদম্য মেধাবী মো. নাসির উদ্দিনের মা নাছিমা বেগম।