মায়ের উত্তরসূরি তমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তমা।ছবি: খালেদ সরকার
তমা।ছবি: খালেদ সরকার

‘দরকার হলে বছরে একটি গান পরিবেশন করো, কিন্তু গানের চর্চা চালিয়ে যাও। একটি লাইন গাইলেও তা শুদ্ধ করে গাও।’ কথাগুলো তমার মনে গেঁথে দেওয়া হয়েছিল সেই ছোট্টবেলায়। কাজটি করেছিলেন তাঁর মা নজরুলসংগীতের জনপ্রিয় শিল্পী ফাতেমাতুজজোহরা। গানের প্রতি তমার ভালোবাসা তৈরি হয়েছে মায়ের কাছ থেকে। তাঁর সংগীতজীবনে মায়ের প্রভাব স্পষ্ট। ২০ মার্চ তাঁর সঙ্গে কথা বলার সময় ঘুরেফিরে তাই বারবার মায়ের কথা উঠে আসে।
তমা জানান, গান নিয়ে তাঁর ভাবনা ও ভালো লাগার কথা। ২৫ মার্চ বাজারে আসছে তমার প্রথম অ্যালবাম প্রথম প্রদীপ জ্বালো। কাজী নজরুল ইসলামের আটটি গান থাকছে এই সংকলনে। প্রকাশ করছে জি-সিরিজ। এখানেও রয়েছে মায়ের ছায়া। এই অ্যালবামে মা আর মেয়ের দ্বৈত কণ্ঠে গাওয়া একটি গান রয়েছে। তমা বললেন, ‘এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার মা এবং সংগীত আয়োজন করেছেন বিনোদ রায়।’
তমার গানের শুরু ছোটবেলা থেকেই। সেটা ঠিক কত ছোটবেলায়, তা মনে করতে পারলেন না। প্রথম যেদিন মঞ্চে গান গাইতে ওঠেন, তখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্রী। গানের হাতেখড়ি মায়ের কাছে হলেও মা কখনোই চাননি মেয়ে তাঁকে অনুকরণ করুন। এই ভাবনা থেকেই নিজে গুণী সংগীতশিল্পী হওয়া সত্ত্বেও মেয়েকে গান শিখিয়েছেন অন্য শিক্ষকদের কাছে। তবে গানটা ঠিকঠাক মতো হচ্ছে কি না, সেদিকে খেয়াল রেখেছেন। গানে তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা যেমন মা, আবার বড় সমালোচকও তিনি।
তমা উচ্চাঙ্গসংগীত শিখেছেন অনেক দিন। ছায়ানটে নজরুলসংগীতের ওপর ছয় বছরের কোর্স সম্পন্ন করেছেন। গানের অনুশীলন অব্যাহত রেখেছেন। এখন তালিম নিচ্ছেন অসিত কুমারের কাছে।
তমা বলেন, ‘গান শেখার ব্যাপারে বাড়িতে সব সময় কড়াকড়ি ছিল। মা-বাবা দুজনই এ ব্যাপারে খেয়াল রাখতেন। তবে গান গেয়ে বিখ্যাত হতে হবে, দেশে-বিদেশে গান গেয়ে বেড়াতে হবে, বাড়ি থেকে এমন চাপ কখনোই ছিল না। ভালোবেসে গান গাওয়ার প্রেরণা পেয়েছি সব সময়।’
কোন ধরনের গান গাইতে ভালোবাসেন তমা? বললেন, ‘নজরুলসংগীত। কেন যেন মনে হয় এটি আমার কণ্ঠে বেশি মানায়। আর মা চান, আমি যেন নজরুলের গানগুলো ভালোভাবে করি।’
তবে চলচ্চিত্রে গান গাওয়ার গোপন ইচ্ছা আছে তমার। বললেন, ‘সুযোগ পেলে অবশ্যই করব। তবে পরের কথা পরে। যেকোনো গানই শুদ্ধভাবে গেয়ে যেতে চাই। গান নিয়ে খুব তাড়াহুড়ো নেই আমার মধ্যে।’
জানালেন, নজরুলের আদি সুরের ওপর একটি অ্যালবামের কাজ করেছেন। পুরো কাজ শেষ হয়েছে। নজরুল ইনস্টিটিউট থেকে শিগগিরই বাজারে আসবে অ্যালবামটি।
তমা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখান থেকে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে স্নাতক শেষ করে এমবিএ পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। স্বামী আর এক মেয়ে নিয়ে তাঁর সংসার। সংসার আর গানের পাশাপাশি ছবি আঁকেন, ডিজাইনিংয়ের কাজেও সময় দেন।
কাল ২৫ মার্চ সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে তমার প্রথম অ্যালবাম প্রথম প্রদীপ জ্বালোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণপত্রের শুরুতে লেখা, ‘সুরের ভরা নদীর বাঁকে, উত্তরসূরি মেয়ে সুরে সুরে কুড়িয়ে নেয় মায়ের উপচে পড়া সুর ভান্ডার থেকে কিছু কিছু।’
মায়ের সুর ভান্ডার থেকে কিছু কিছু নিয়ে এগিয়ে চলেছে তমার গানের ভেলা।