
ছোটবেলায় সাজগোজ করে সারাক্ষণ টিভি সেটের সামনে বসে থাকত মেয়েটি। পকেটে থাকত লাল লিপস্টিক। মেয়েটির কৌতূহল দেখে বাসার সবাই তাকে জিজ্ঞাসা করত, বড় হয়ে তুমি কী হবে? মেয়েটি বলত, ‘বড় হয়ে টেলিভিশনের মধ্যে ঢুকে যাব। সাজব, নাচব, গান করব, অভিনয় করব।’
সেই দিনের সেই কথাগুলো আজ অনেকটাই মিলে গেছে মেয়েটির জীবনে। ‘লাক্স তারকা’ তারিন রহমান এখন টিভিতে নিজের কাজ দেখে সেই দিনগুলোর কথা মনে করেন। খুশিতে ভরে যায় তাঁর মন।
স্কুলে ভর্তির পর থেকে পড়াশোনা নিয়েই বেশি ব্যস্ত থেকেছেন। ভালো ছাত্রী হতে হবে, ক্লাসে ভালো ফলাফল করতে হবে—এসবই ছিল তাঁর মাথায়। এখন তারিনের জীবনের হিসাব অনেকটাই পাল্টে গেছে। ছোটবেলার সেই ‘না বোঝার দিনগুলো’তে দেখা স্বপ্ন যেন চলে এসেছে তাঁর ঘরের দুয়ারে। তিনি ঢুকে পড়েছেন সেই কল্পনার রাজ্যের ছোট্ট বাক্সে। মডেলিং আর অভিনয়, এখন যেন তাঁর নিত্যদিনের কাজ। ২৯ আগস্ট দুপুরে তারিন আসেন প্রথম আলো কার্যালয়ে। শুরুতেই অভিনয় নিয়ে জানালেন তাঁর স্বপ্নের কথা। বললেন, ‘এখন অভিনয়কেই বেশি গুরুত্ব দিচ্ছি।’
নিজের প্রস্তুতি নিয়ে বললেন, ‘সময় পেলে নাটক দেখি, সিনেমা দেখি।’
২০১৪ সালের প্রায় পুরো সময়টাই অভিনয় থেকে দূরে ছিলেন তারিন। এ বছর এপ্রিল থেকে আবার নিয়মিত কাজ করছেন। বললেন, ‘পরীক্ষা, ক্লাস—এসব নিয়েই ব্যস্ত ছিলাম।’
এখন কী নিয়ে ব্যস্ততা? তারিন জানান, তিনি এখন আশুতোষ সুজনের তিনকন্যা ধারাবাহিকের কাজ করছেন। শেষ হলো ঈদের তিনটি এক ঘণ্টার নাটক—সাখাওয়াৎ মানিকের রূপকথার মেঘবালিকা, সকাল আহমেদের চেনা অচেনা আর ইমন সাদীর স্পর্শের বাইরে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ঈদের একটি নাটকের শুটিং করবেন আগামী কয়েক দিনের মধ্যেই।
তারিন কিন্তু চলচ্চিত্রে অভিনয় করেছেন। আবু সাইয়ীদের নতুন ছবি ড্রেসিং টেবিল। তাতে অভিনয় করেছেন তিনি। তারিন বলেন, ‘বড় পর্দার জন্য প্রস্তুত ছিলাম না। শুটিংয়ের আগের দিনে হঠাৎ ড্রেসিং টেবিল ছবির পরিচালক আবু সাইয়ীদ আমাকে তাঁর অফিসে ডাকেন। ছবির গল্প শোনান। গ্রামের একটি মেয়ের চরিত্র। গল্প ভালো লাগল। গ্রামীণ চরিত্র, তা নিয়ে খুব ভয় হচ্ছিল। পারব তো? ভাবার জন্য খুব বেশি সময় পাইনি। রাজি হয়ে গেলাম। পরদিন থেকেই শুটিং।’
তারিন টিভিতে কাজ শুরু করেছেন হঠাৎ। ২০১২ সাল। তখন তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওই সময় ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় এক বান্ধবীর সঙ্গে তিনি নাম নিবন্ধন করেন। প্রাথমিক বাছাইয়ে টিকে যান। তিন মাসের প্রতিযোগিতায় শীর্ষ সাতজনের একজন ছিলেন। শেষে তিনি পেয়েছেন প্রতিযোগিতার ‘সেরা স্ক্রিন অ্যাওয়ার্ড’।
তারিন জানান, ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতার পর ২০১৩ সালের গোড়ার দিকে যুবরাজ খানের প্রজ্ঞা পারমিতা ধারাবাহিকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর আশুতোষ সুজনের শেষ পৃষ্ঠার ছবি, রাজিবুল ইসলামের কনে দেখা আলো, মাতিয়া বানু শুকুর কথা মালাসহ আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন।
নাটকের পাশাপাশি ওই বছরই বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগ পান। শুরুতেই বাংলালিংকের পরপর তিনটি বিজ্ঞাপন। এরপর আরও অনেক কাজ। তারিন বলেন, ‘আমার শুরুটা হয়েছিল বড় প্রতিষ্ঠানের কাজ দিয়ে। তাই এখন সেদিকটাতেই খেয়াল রাখছি।’
নাটক, চলচ্চিত্র আবার বিজ্ঞাপন—কোনটি বেশি পছন্দ হচ্ছে? তারিন বললেন, ‘অভিনয়।’
তারিন এখন সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ে বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্রী। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট। কথা হচ্ছে তারিনের সঙ্গে। তার মাঝেই বেজে চলেছে তাঁর মুঠোফোন। বললেন, ‘মা ফোন করছেন। বাইরে থাকলে কিছুক্ষণ পরপরই ফোন করে খোঁজ নেন। মা ভাবেন, আমি এখনো পিচ্চি।’