মায়ের জন্য 'দুই বাংলার চলচ্চিত্র উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনচিত্রের নির্মাতা শাহ্ ফজলে রাব্বীর মা শাহান আরা বেগম ক্যানসার রোগে আক্রান্ত। গত বছরের ৪ আগস্ট থেকে তিনি দিল্লির রাজীব গান্ধী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসায় এ পর্যন্ত প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে। আরও প্রয়োজন ২০ লাখ টাকা। অর্থাভাবে শাহান আরা বেগমের চিকিৎসা ব্যাহত হচ্ছে। মায়ের চিকিৎসার সাহায্যার্থে এবার চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব, মায়ের জন্য’ শিরোনামে এই উৎসব হবে ৮ থেকে ১০ জুন জাতীয় জাদুঘর মিলনায়তনে। তিন দিনের এই উৎসবে বাংলাদেশ ও ভারতের নয়টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ জানান, উৎসবে অংশ নেওয়ার জন্য গৌতম ঘোষ ও বুদ্ধদেব দাশগুপ্ত ঢাকায় আসবেন।
সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহ্ ফজলে রাব্বী তাঁর মায়ের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। মায়ের চিকিৎসার সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।