মায়ের নির্দেশনা মেয়ের লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ে লিখেছেন আর মা সেই নাটকের নির্দেশনা দিচ্ছেন—ঢাকার মঞ্চে এ ধরনের ঘটনা বিরল। কিন্তু পুরো পরিবারই যেখানে মঞ্চনাটকের সঙ্গে জড়িত, সেখানে তো এমন ঘটনা ঘটবেই। নাগরিক নাট্যাঙ্গনের নতুন নাটক পুষিক্যাট-এর বেলায় তেমনটিই দেখা যাচ্ছে। এটি আমেরিকান নাট্যকার আর্থার মিনারের দ্য পুষিক্যাট অ্যান্ড দ্য প্লাম্বার হু ওয়াজ এ ম্যান থেকে এর নাট্যরূপ দিয়েছেন মেয়ে পৈতী হক আর নির্দেশনা দিচ্ছেন মা লাকী ইনাম। পৈতী হক বলেন, ‘জন্মের পর থেকেই থিয়েটারের পরিবেশে মানুষ হয়েছি। বুদ্ধি হওয়ার পর থেকেই মা-বাবার সঙ্গে মঞ্চে নিজেকে জড়িয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই নাটকটি অনুবাদ করা। তবে এ বিষয়ে মা আমাকে সহযোগিতা করেছেন। নাটকটি মঞ্চে আসার পর ভালো হলেই আমার প্রথম প্রয়াস সার্থক হবে।’ লাকী ইনাম বলেন, ‘এ সময়ের জন্য গল্পটি খুবই প্রাসঙ্গিক। পৈতী অনেক ভালো লিখেছে।’ তিনি নাটকটির গল্প প্রসঙ্গে জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির স্বামী-স্ত্রী দুজন দেখেন, তাঁদের পোষা বিড়ালটি মানুষের মতো কথা বলছে। বিড়ালটি মনিবকে জানায়, সে তাদের শহরের মেয়র নির্বাচন করবে। কারণ, শহরের সব মানুষের বিবেক পচে গেছে। শহর উন্নয়নের জন্য যা বরাদ্দ হয়, তা নীতিনির্ধারকের পকেটে চলে যায়। শহরের মানুষ এ বিষয়ে কোনো প্রতিবাদও করে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, সে মেয়র হবে। কারণ, তার কোনো চাওয়া-পাওয়া নেই। লাকী ইনাম বলেন, গল্পটি অনেক মজার মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায়।দল সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে নাটকটির অনিয়মিতভাবে মহড়া শুরু হয়। এখন নিয়মিত মহড়া চলছে। আগামী সেপ্টেম্বর মাসে নাটকটি মঞ্চে ওঠার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে।এ নাটকে অভিনয় করছেন নাগরিক নাট্যাঙ্গনের পুরোনো ও নতুন অভিনেতা-অভিনেত্রীরা।