মায়ের মতো প্রতিষ্ঠান হারিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে কণ্ঠশীলনের অনুষ্ঠানে আবৃত্তি করছেন শিল্পীরা l প্রথম আলো
শিল্পকলা একাডেমিতে কণ্ঠশীলনের অনুষ্ঠানে আবৃত্তি করছেন শিল্পীরা l প্রথম আলো

‘এ দেশে জন্মালেই মানুষ বাঙালি হতে পারে না। এ দেশে জন্মেও মনে মনে বাঙালি হতে পারেনি কিছু মানুষ, এমন তো কিছুদিন আগেই দেখা গিয়েছিল। কণ্ঠশীলন এমন একটি প্রতিষ্ঠান, যেখানে মানুষ বাঙালি হয়ে ওঠার শিক্ষা পায়।’ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়ার আগে কথাগুলো বলেছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। কণ্ঠশীলনের শেষ চারটি ব্যাচের শিক্ষার্থীরা দারুণ প্রাণিত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় ছিল আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের আবৃত্তির প্রযোজনা। সংগঠনটির ৮২ থেকে ৮৫তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণের আগে খানিক আলোচনা ও পরে ছিল আবৃত্তি। শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের এ আয়োজনে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, ‘দেশ থেকে অনেক বড় একটি প্রতিষ্ঠান হারিয়ে গেছে। সেটি হচ্ছে আমাদের মা। যাঁর কাছে আমরা ছোটবেলায় ছড়া শিখেছি। সমাজের কারণে হোক, রাজনীতির কারণে হোক, আমরা আমাদের মায়েদের দ্বিধাগ্রস্ত করে তুলেছি। সে জন্যই কণ্ঠশীলনের মতো প্রতিষ্ঠান প্রয়োজন।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল তিনটি আবৃত্তি প্রযোজনা। ‘আগুন লেগেছে রক্তে মাটির গ্লোবে’, ‘বীরের এ রক্তস্রোত-মাতার এ অশ্রুধারা’ ও ‘অমৃতের জয় বলো ভাই’ শিরোনামে পরিবেশনায় অংশ নেন কণ্ঠশীলনের শিল্পীরা। প্রযোজনাগুলো করেন জাহীদ রেজা নূর, জহিরুল হক খান ও ইভা মণ্ডল।
কণ্ঠশীলনের সহসভাপতি তোফাজ্জল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুছ ও অর্থনীতিবিদ ফরাসউদ্দীন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফওজিয়া মান্নান।