মায়ের মনেই বাস করে আবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে আবিদের স্মৃতি নিয়েই বেঁচে আছেন মা রমা রহমান
ছেলে আবিদের স্মৃতি নিয়েই বেঁচে আছেন মা রমা রহমান

ঈদের আগে 
মৃত মানুষ মোবাইল ফোন ব্যবহার করে না। এই সহজ কথাটা জেনেও আবিদের নম্বরে ফোন করি। অব্যবহৃত নম্বরটিতে সংযোগ দেয় না নেটওয়ার্ক। মায়ের ফোনে ফোন করতেই পাওয়া যায় আবিদকে। আবিদের গলা চিনতে এতটুকু ভুল হয় না। ধীরলয়ে সে গাইতে থাকে ‘আমার পরাণ যাহা চায়’ গানটি। মায়ের ফোনের ওয়েলকাম টিউনে মৃত সন্তানের গান বাজছে! এর থেকে হৃদয়বিদারক অথচ মধুর কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন শেষ কবে, মনে পড়ে?
সম্ভাষণ জানিয়ে বলি, একবার দেখা করতে চাই। জানতে চাই, কখন তাঁর বাড়িতে গেলে অসুবিধে হবে না। তিনি জানান, কখনোই তাঁর অসুবিধে হবে না। মায়ের কাছে যেতে দ্বিধা কিসের? সন্তানের সহপাঠী বলেই অমন করে বললেন কি না, জানি না। শুনেছি, তিনি অমনই।
আবিদদের বাসায় যাওয়ার পথে পড়ে সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ। কলেজটায় আবিদের সঙ্গে একই ক্লাসে পড়তাম। আড্ডা দিতাম কলেজের সামনের মিষ্টির দোকানে। রয়েল মোড়ের এই জায়গাটা থেকে ঢাকার উদ্দেশে বাসে চড়ত আবিদ। তাঁকে এগিয়ে দিতে আসতেন মা। বাস কাউন্টারে ছেলেকে এগিয়ে দিতে এসে চোখের পানি ধরে রাখতে পারতেন না তিনি। আবিদ বলত, ‘এমন করলে লজ্জা করে মা।’ বাসটাকে যত দূর দেখা যেত, মা ততক্ষণ জলভরা চোখে চেয়ে থাকতেন। এমনও হয়েছে, মাকে দাঁড়িয়ে থাকতে দেখে চেনা বাসচালকেরা বাস ঘুরিয়ে ফিরে এসেছেন। বলেছেন, ‘ভাবি, এমন করলে আমরা কীভাবে যাব!’

বুধবার বেলা সাড়ে ১১টায় মিয়াপাড়ায় আবিদদের বাড়িতে বসে এই গল্পগুলো বলতে বলতে আবারও চোখের পানিতে ভিজলেন আবিদের মা রমা রহমান। বললেন, ‘ছেলে ঢাকায় পড়তে যাচ্ছে, তাতেই কত কষ্ট হচ্ছিল আমার। গত চারটা বছর ছেলেটা নেই, আমি কীভাবে বেঁচে আছি কেবল আমিই জানি। এই কষ্ট আর বইতে পারছি না।’

ঈদের দিন
ঈদের দিন আবিদদের বাড়ির কলাপসিবল গেট পার হয়ে আবিদের আইনজীবী বাবার বসার ঘর, ডান পাশে ড্রইংরুম ধরে এগিয়ে যাই। সোজা গেলে খাবার ঘর। খাবার ঘরের সোজাসুজি আবিদের মা-বাবার আর ডানপাশে আবিদের ঘর। সে ঢাকায় পড়তে যাওয়ার পর থেকে ঘরটি তার ছোট ভাই বাঁধনের। প্রত্যেকটি ঘরেই আবিদের নানা আকৃতির ছবি। ঘরের দেয়াল ঢেকে গেছে সেসবে। যে চেয়ারটায় বসে খেত আবিদ, সেটি একটি লাল তোয়ালে দিয়ে ঢাকা। চেয়ারের ওপরে হাত রেখে মা বললেন, ‘হাতে তুলে খেত না ছেলেটা। মুখে তুলে খাইয়ে দিতে হতো।’
তাঁদের ঘরে একটা দোলনা। সেই দোলনার ওপরেও আবিদের একটা বাঁধানো ছবি। সুন্দর করে সাজানো দোলনাটা যেন বরের জন্য রাখা। মা জানালেন, ‘ওর বিয়ের জন্যই কেনা হয়েছিল এটা। ওর বাবার ইচ্ছে ছিল ১২.১২.১২ তারিখে ওদের বিয়ে দেবেন। প্রদীপ কিনেছিলাম। ১০১টি প্রদীপের অর্ডার করেছিলাম।’
আবিদের সঙ্গে মায়ের কথা ছিল, কনের সঙ্গে আগে এক মাস থাকবেন মা। যদি পছন্দ হয়, তাহলেই বিয়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে কনে। আবিদ হেসে বলেছিল, ‘তোমার সঙ্গে এক মাস কেউ থাকলেই তো তোমার ভক্ত হয়ে যাবে। পরীক্ষায় অটো পাস করে ফেলবে।’

আবিদের ঘরে নিয়ে গিয়ে মা দেখালেন, তার বিছানার চাদরটা পর্যন্ত এখনো অমন করেই রাখা। তার ওপর আরেকটি চাদর রাখা। শো কেসের ভেতর সারি দিয়ে রাখা আবিদের চশমাগুলো, গানের অ্যালবাম আর বাঁধানো ছবি। ঘরের এক কোণে একটা কিবোর্ড, খাটের ওপর গিটার, দেওয়ালে বন্ধুদের সঙ্গে শেষ জন্মদিনের ছবি। একটু আড়ালে বন্ধুদের সঙ্গে কয়েকটি ছবিও আছে।
মা জানান, আবিদের জীবন নিয়ে একটা নাটক করার কথা ছিল। তাতে আবিদের মায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল ডলি জহুরের। কিন্তু নাটকের গল্পের ফোকাসটা ভালো না লাগায় বারণ করে দেওয়া হয়েছে। সেখানে আবিদের বাগদত্তার নামটা পর্যন্ত প্রকাশ করে দেওয়া হতো। সেটা ঠিক হতো না।
ঈদের সময় মাকে প্রায় জোর করেই পারলারে নিয়ে যেত আবিদ। আর মায়ের জন্য শাড়ি কেনা নিয়ে তো মা-ছেলের মধ্যে হতো মধুর ঝগড়া। ছেলে বাড়ি আসার সময় শাড়ি কিনে আনতো। পয়লা বৈশাখ, মায়ের জন্মদিন, ঈদ আর মা দিবসে মায়ের জন্য থাকত নিশ্চিত উপহার। আর আবিদের যত জামা কাপড়, প্রায় সবই মায়ের কিনে দেওয়া। মা নিষেধ করে বলেছিলেন, ‘এত শাড়ি রাখার জায়গা নেই। আর কিনবে না। মায়ের নিষেধের পর আবিদও মাকে বলে, ‘তাহলে এটাই কিন্তু শেষ, তুমিও আমার জন্য আর কোনো জামা কিনবে না কিন্তু।’
এখন রূপসা কলেজে পড়িয়ে সময় কাটে মায়ের। আবিদের ছোট ভাই বাঁধন শাহরিয়ার হঠাৎ গেয়ে উঠলে চমকে ওঠেন তিনি। বাঁধনের কণ্ঠ একেবারে আবিদের মতো হয়েছে। আবিদ বলেই ভ্রম হয়। বাঁধনের কণ্ঠেও আবিদকে ফিরে পান তিনি।

আবিদের বন্ধুরা
আবিদের বন্ধুরা ঈদের দিন বেড়াতে আসবে বাসায়। যারা খুলনার বাইরে থাকে তাদের কেউ কেউ তো আসেই। খুলনায় যারা থাকে, তারাও আসবে। ওর বন্ধু আকাশ তিন দিন খুলনা থাকলে এক দিন নিজের বাসায়, এক দিন শ্বশুর বাড়ি আর এক দিন আবিদদের বাড়িতে থাকে। শাকিল, অন্তর, সবুজ, মাহবুব, চিশতি, তুষার ওরা সবাই জোসেফ স্কুল থেকেই একসঙ্গে। আবিদের এই বন্ধুরা তার জন্য স্কুলে দোয়ার অনুষ্ঠান করে প্রতিবছর।
সেই সব স্মৃতি
আবিদ গান শিখেছেন খুলনার নারায়ণ চন্দ্র রায়, সাধন রঞ্জন ঘোষ ও ভারতী ঘোষের কাছে। ঢাকায় মিতা হকের কাছেও শিখেছে কিছুদিন। ছোট ভাই বাঁধনের জন্মের পরপরই অসুস্থ শরীর নিয়ে মা তাকে দিয়ে আসতেন সাধন স্যারের বাসায়। আবিদের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু এই মা তার সব কাজের সঙ্গে ছিলেন। মায়ের সমস্ত কষ্টকে সার্থক করেছিল সে। ছায়ানটের রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সম্মিলনের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় ১৪১১ সনে সে প্রথম মানে প্রথম হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎ​কালীন ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি। এই প্রতিযোগিতায় প্রথম হওয়ার পুরস্কার হিসেবে তিন মাস পরই ভারতীয় হাইকমিশন থেকে একটি সম্মাননা দেওয়া হয় আবিদকে।
আবিদের মৃত্যুর পর ‘শিল্পী আবিদ স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন করা হয়েছিল। সেটার কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী। আর খুলনা শাখার প্রেসিডেন্ট ময়েন উদ্দিন আহমেদ। এই পরিষদ থেকে প্রথম বছর সম্মাননা দেওয়া হয়েছে সুজেয় শ্যামকে। পরে ড. করুণাময় গোস্বামীকে। এই গুণীজনসহ আবিদের সব বন্ধু, ভক্ত ও অনুরাগীদের ইচ্ছে তাঁর স্মৃতি ধরে রাখতে একটি সংগীত স্কুল প্রতিষ্ঠার। মা রমা রহমান জানান, সবাই মত দিচ্ছেন, পথও বাতলে দিচ্ছেন। কষ্ট করে আমরা হয়তো অর্থ জোগাড় করতে পারব। কিন্তু জায়গা পাওয়াটাই মুশকিল। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, তাঁরাই একটা ব্যবস্থা করবেন। কিন্তু সেটা কেন যেন আর হয়ে উঠছে না।’ তিনি খুলনার জেলা প্রশাসক হারুন-অর-রশীদের প্রশংসা করে বলেন, ‘আবিদকে নিয়ে যেকোনো উদ্যোগের সঙ্গে সব সময় থেকেছেন তিনি।’

একটি টেডি বিয়ার
আবিদের জন্মের বছর একটি টেডি বিয়ার কিনেছিলেন মা রমা রহমান। আবিদ যেদিন কক্সবাজারের পথে রওনা দেয়, সেদিন ওটা আলমারি থেকে বের করেন তাঁদের গৃহপরিচারিকা। প্রায় ২৪ বছর পর সেটাকে পানিতে চুবিয়ে গোসল করানো হয়। সেই পুতুলটি বের করে দেখান মা। বাসার প্রতিটি ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখান আর বলেন, ‘ছুটিতে খুলনা এলে এসো, একটা বেলা থেকে যেও।’
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলীর সি-ক্রাউন পয়েন্টে কর্মস্থলের সহকর্মীদের সঙ্গে গোসল করতে নেমেছিল আবিদ। ৩০ জুলাই ২০১১ সকাল সাড়ে সাতটার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে পুলিশ তার ও আশিক মোস্তফার মৃতদেহ উদ্ধার করে।