মায়ের সেবায় দীঘি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগের বছর এই দিনে (২৫ সেপ্টেম্বর) আমাদের বাসায় অনেক মানুষের ভিড় থাকত। মাম্মীর জন্মদিনে সবই আসতেন তাঁকে শুভেচ্ছা জানাতে। আজ মাম্মীর পাশে পরিবারের লোক ছাড়া আর কেউ নেই।’—দুঃখ করে বলল ছোট্ট দীঘি। ‘আগের জন্মদিনে মায়ের জন্য উপহার কিনেছিলাম। কিন্তু এবার আর কিছু কেনা হয়নি। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মাম্মী গত ১০ মাস হাসপাতালে ছিলেন। বাড়িতে আসার পর এখন বিছানাতেই শুয়েই দিন কাটাচ্ছেন।’ একনাগারে বলল দীঘি। প্রতিভাবান এই শিশুশিল্পী ইতিমধ্যেই দুবার জাতীয় পুরস্কার অর্জন করেছে। যিনি ছোট্ট দীঘির সমস্ত কাজে পাশে পাশে থাকতেন; দীঘির মা দোয়েল, এখন অসুস্থ হয়ে শয্যাশায়ী। বিছানায় শুয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন সারাক্ষণ। কথা বলতে পারেন না, তবে কেউ কথা বললে, কখনো কখনো মাথা নেড়ে সাড়া দেন। তাতে মনে হয়, তিনি সবই শুনতে পান। সরাসরি কিছু খেতে পারেন না। তাঁকে নল দিয়ে তরল খাবার দিতে হয় দুই ঘণ্টা পরপর। এ অবস্থায় দিন কাটাচ্ছেন একসময়ের পর্দাকাঁপানো চলচ্চিত্র নায়িকা দোয়েল।৮৩ সালে চন্দ্রনাথ চলচ্চিত্র দিয়ে যাঁর অভিষেক হয়েছিল। পরবর্তী সময় খোঁজখবর, প্রেমকাহিনি, আমার আদালতসহ আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দীঘিকে জিজ্ঞেস করি, মায়ের জন্মদিনে আজ কি করলে, কে কে এসেছিলেন?‘সকালে ঘুম থেকে উঠেই মাম্মীর কাছে যাই। তাঁকে আদর করি। নানু, চাচ্চু, ভাইয়াসহ সবাই মাম্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরিচিত দু-একজন ফোন করে শুভেচ্ছা জানিয়ে মাম্মীর খবর নিয়েছেন।’ এই যে তোমার মা অসুস্থ। শুটিং করতে যাওয়ার সময় মা তোমার পাশে নেই, খারাপ লাগে না? প্রশ্ন শুনে ছলছল করে ওঠে দীঘির চোখ। তারপর ধরা গলায় বলল, ‘আগে তো মাম্মীর হাত ধরেই শুটিংয়ে যেতাম। এখন বিভিন্ন জায়গায় আমার চাচ্চু আমাকে নিয়ে যান। তিনিই মাম্মীর ভূমিকা পালন করেন। শুটিংয়ে গেলে মাম্মীকে অনেক মিস করি। মাঝে মাঝে স্বপ্নে দেখি, মাম্মী ভালো হয়ে গেছে। সেদিন স্বপ্নে দেখলাম, মাম্মীকে হুইলচেয়ারে করে নার্স নিয়ে যাচ্ছে, আর মাম্মীর হাতে একটি পুতুল দিয়েছে ধরার জন্য, মাম্মী পুতুলটি ধরল। এই দেখেও আমি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠি।’ একটু থেমে দীঘি আবার বলল, ‘আজ আমার মনটা ভালো নেই। সবার কাছে অনুরোধ করছি, মাম্মীর জন্য সবাই দোয়া করবেন। মাম্মী যেন ভালো হয়ে ওঠে। যাতে মাম্মীর পরের জন্মদিনটা অনেক আনন্দ করে করতে পারি।’