
তাঁদের বলা হয় বলিউডের ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের এই তারকা যুগলের মতো একটানা বেশ ক বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে তাঁরাও গাঁটছড়া বেঁধেছেন। ব্র্যাঞ্জেলিনা জুটির মতো তাঁদেরও জুটির সংক্ষিপ্ত সংস্করণ বের করেছে বলিউডবাসী। সাইফিনা! হুম, বলিউডের বহুল আলোচিত তারকা যুগল সাইফ আলী খান ও কারিনা কাপুরের কথাই বলছি। দুঃখিত, শুধু কারিনা কাপুর বললে ভুল হবে। তিনি এখন কারিনা কাপুর খান। আমাদের আজকের গল্পটা বলিউডের এই মিস্টার অ্যান্ড মিসেস খানকে নিয়েই।
ব্র্যাড পিট-জোলি জুটির প্রেমের শুরুটা কিন্তু ২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবির সেটেই। আর সেই সালেই অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে ঠিক ১৩ বছরের মাথায় সম্পর্কটা ভেঙে যায় সাইফের। বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংকে সাইফ বিয়ে করেছিলেন ১৯৯১ সালে। সেটাও ছিল প্রেমের বিয়ে। কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়নি। ‘তেরো’ সংখ্যাটিকে আনলাকি মেনে নিয়েই নতুন মিসেস খান খোঁজার অভিযানে নামতে হয় সাইফকে। কাপুর খানদানের ছোট রাজকন্যাকেই মনে ধরে পতৌদির দশম নবাব সাইফের। তবে মন দেওয়া-নেওয়ার খেলায় লুকোচুরি বাদ দিয়ে সাইফ-কারিনা বলে বেড়িয়েছেন নিজেদের প্রেমের গল্প। ফটোশুট থেকে শুরু করে ফ্যাশন শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান—সবখানেই সাইফের বাহু ধরে অংশ নিয়েছেন কারিনা। আর এই প্রেমটা জমে ওঠে ২০০৭ সালে তাশান ছবিতে কাজ করতে গিয়ে। পরের বছরেই মনীষ মালহোত্রার ফ্যাশন শোয় প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন তাঁরা। তবে ২০০৩ সালে জেপি দত্তের এলওসি কার্গিল ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। তিন বছর পর বিশাল ভরদ্বাজের ওমকারা ছবিতে কাজ করার সময়ও কেউ টের পায়নি, সাইফিনাই হবেন বলিউডের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় দম্পতি। ২০০৯ সালে কারিনাকে বিয়ের প্রস্তাব দেন সাইফ। তবে বিয়ে হবে কবে, এই নিয়ে ভক্তদের প্রতীক্ষায় রেখে নিজেরা চুটিয়ে প্রেম করেই গেছেন। অতঃপর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ১৬ অক্টোবর তাঁদের বিয়ে হয়। গত সপ্তাহেই এক বছর পূর্ণ হলো এই সম্পর্কের। প্রথম বিবাহবার্ষিকী নিজ দেশে উদ্যাপন করা হয়নি তাঁদের। সাইফ তাঁর পরবর্তী ছবি হামসকলস ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন লন্ডনে। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কারিনাও গিয়েছিলেন সেখানে।
সাইফিনাকে নিয়ে দর্শকমনে এত এত কৌতূহল থাকলেও, পর্দায় জুটি হিসেবে তাঁরা সব ছবিতেই চরমভাবে ফ্লপ। সাইফ-কারিনা জুটির কোনো ছবিই সফলতা অর্জন করতে পারেনি বলিউড বক্স অফিসে। সাইফিনা জুটির এলওসি কার্গিল (২০০৩), তাশান (২০০৮), কুরবান (২০০৯)—প্রতিটি ছবিই যোগ হয়েছে ফ্লপের খাতায়। শেষমেশ তাঁরা নিজেদের হোম প্রোডাকশনের ব্যানারে বিশাল বাজেটের ছবি এজেন্ট বিনোদকে কেন্দ্র করেই বুনেছিলেন স্বপ্নের জাল। নিজেদের বিয়েটাকেও এই ছবির জন্যই পেছাতে পেছাতে বছরের শেষের দিকে টেনে এনেছিলেন তাঁরা। এত কিছুর পরও গত বছর মুক্তি পাওয়া এজেন্ট বিনোদ বক্স অফিসে ধপাস! সাইফ এবার তাই সফল হতে মরিয়া হয়েছেন। পাঁচ বছর প্রেমের পর সাইফ-কারিনার সম্পর্কের হ্যাপি এন্ডিং হয়েছে গত বছর। এবার সেই হ্যাপি এন্ডিং নিয়েই বিয়ের পর এই প্রথম জুটিবদ্ধ হলেন তাঁরা। সাইফের নতুন ছবি হ্যাপি এন্ডিংয়ে একটি বিশেষ গানে জুটিবদ্ধ হয়েছেন এই তারকা দম্পতি। সাইফ আলি খান ও দীনেশ ভিজনের সহপ্রযোজনায় নির্মিত এই ছবিতে সম্পূর্ণ নতুন এক চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন তাঁরা। গানটি ছাড়াও ছবিটির বেশকিছু কমেডি দৃশ্যে বিশেষ ভূমিকায় দেখা যাবে কারিনাকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ছবিটির বেশকিছু অংশের শুটিং সম্পূর্ণ হয়েছে। ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে বলে জানা গেছে। তার আগেই বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস খান। মাত্র এক সপ্তাহ ব্যবধানে মুক্তি পাচ্ছে সাইফের বুলেট রাজা ও কারিনার গোরি তেরি পেয়ার মে ছবি দুটি। এর মধ্যে ২২ নভেম্বর গোরি তেরি পেয়ার মে এবং ২৯ নভেম্বর বুলেট রাজা মুক্তি পাবে। গোরি তেরি পেয়ার মে ছবিতে কারিনা দ্বিতীয়বারের মতো ইমরান খানের বিপরীতে অভিনয় করেছেন। রোমান্টিক কমেডি ঘরানার এ ছবিটি পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা। অন্যদিকে, থ্রিলারধর্মী বুলেট রাজা ছবিতে সাইফের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন সোনাক্ষি সিনহা। ছবিটি পরিচালনা করেছেন তিমাংগশু ঢুলিয়া। বক্স অফিস যুদ্ধে কে বাজিমাত করবেন, এবার সেটিই দেখা যাক—মিস্টার নাকি মিসেস খান?
সাজিদুল হক
ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর, ইন্ডিয়া টাইমস, এনডিটিভি, জিনিউজ, উইকিপিডিয়া অবলম্বনে