মিউজিক অ্যাওয়ার্ডস কার্যক্রম শুরু
‘সুস্থ সংগীতের বিকাশ’ স্লোগান নিয়ে সপ্তমবারের মতো শুরু হলো ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ কার্যক্রম। এবারের আয়োজন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে বলে জানিয়েছেন আয়োজকেরা।স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজনে থাকবে কিছু বিশেষ অন্তর্ভুক্তি। গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, এবারের প্রতিযোগিতায় রবীন্দ্র, নজরুল ও উচ্চাঙ্গসংগীত লোকগীতি, আধুনিক গান, ছায়াছবির গান, ব্যান্ড সংগীত, গীতিকার ও আজীবন সম্মাননাসহ মোট ১৬টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা হবে তিনটি ধাপে। ধাপগুলো হচ্ছে প্রাথমিক পর্বের বাছাই, দ্বিতীয় পর্বের বাছাই ও চূড়ান্ত বাছাই।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী ও হেড অব মার্কেটিং কমিউনিকেশনস তাসলিম আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতব্যক্তিত্ব সোহরাব হোসেন, সুধীন দাশ, মুস্তাফা জামান আব্বাসী, খালিদ হোসেন, সুজয় শ্যাম, শেখ সাদী খান, নাদিরা বেগম, খুরশীদ আলম, ফরিদা পারভীন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শাম্মী আখতার, নাশিদ কামাল, লিলি ইসলাম, কিরণ চন্দ্র রায়, লীনা তাপসী খান, কল্পনা রায়, চন্দনা মজুমদার, মানাম আহমেদ, গাজী আবদুল হাকিম প্রমুখ। এ সময় ফরিদুর রেজা সাগর অসুস্থ শিল্পী আবদুর রহমান বয়াতির চিকিৎসার্থে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি অসুস্থ শিল্পী আবদুর রহমান বয়াতিকে সহযোগিতা দেওয়ার জন্য শিল্পীসমাজের প্রতি আহ্বান জানান।