মিউজিক ভিডিও নির্মাণে আগ্রহী:ফাহমিদা নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা ফাহমিদা নবী এবার গানের মিউজিক ভিডিও তৈরির প্রতি বেশ আগ্রহী হয়েছেন। মিউজিক ভিডিওতে স্থান পাবে ফাহমিদা নবীর গাওয়া নুতন-পুরনো বেশ কিছু জনপ্রিয় গান। এরই মধ্যে অবশ্য গান বাছাইয়ের কাজও শুরু করে দিয়েছেন তিনি। এ বিষয়ে তাঁর বেশ কিছু যুক্তিও রয়েছে। তিনি মনে করেন, একটা গানের মিউজিক ভিডিও যখন তৈরি হয়, তখন গানটি দর্শকের মধ্যে খুব সহজে ভালো লাগার জায়গা তৈরি করে নেয়। এতে করে গানটির স্থায়িত্বও বেড়ে যায়। তবে গানটিকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। তিনি বলেন, বাইরের দেশের শিল্পীরা যখন কোন অ্যালবাম তৈরির উদ্যোগ নেন, তখন তাঁরা অ্যালবামটির অডিওর পাশাপাশি ভিডিওর দিকে বেশি নজর দেন। কারণ এতে গানটি দ্রুত শ্রোতাদের কাছে খুব সহজে জনপ্রিয়তা লাভ করে। ফাহমিদা নবী আরও বলেন, ফেসবুকে আমার বন্ধু সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো। তাঁদের সবাই বেশির ভাগ সময় আমার গানের আলোচনা-সমালোচনা করে। গান নিয়ে তাঁদের এসব আলোচনা-সমালোচনা আমার বেশ ভালো লাগে। তাঁরা আমাকে প্রায়ই বলে, আমরা আপনার মিউজিক ভিডিও পাই না কেন বা আপনি কেন অ্যালবামের মিউজিক ভিডিও তৈরি করেন না? এ রকম হাজারো প্রশ্ন আমাকে প্রায়ই শুনতে হয়। তাঁদের এসব বিষয়গুলোও আমাকে বেশ উত্সাহ জুগিয়েছে মিউজিক ভিডিও তৈরিতে। এখন শুধু ভালো কোন স্পন্সর পেলেই হয়। যদি ভালো কোনো স্পন্সর না পাওয়া যায়, তাহলে এ কাজ বেশ কষ্টসাধ্য হবে। আর সব কিছু যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে খুব শিগগিরই নির্বাচিত গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজে হাত দেব।প্রায় এক মাস বিদেশ সফর শেষে সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন ফাহমিদা নবী। এক মাসের এ সফরে ফাহমিদা নবী সেখানকার বেশ কয়েকটি ভেন্যুতে গান পরিবেশন করেন। এ দীর্ঘ বিদেশ সফর প্রসঙ্গে শিল্পী বলেন, ‘দেশের বাইরে গান গাওয়ার আনন্দই আলাদা। এবারের সফরে বিশেষ করে ২৭ জুন কার্ডিফের অডিটরিয়ামে গেয়ে আমার খুবই ভালো লেগেছে। আমি অবাক হয়েছি যখন দেখলাম, আমার প্রায় সবকয়টি গানই দর্শকেরা নিজেরাই আগ্রহ নিয়ে গাইছে। প্রায় মধ্যরাত অবধি আমি এই অনুষ্ঠানে গান গেয়েছি। আমার জীবনের স্মরণীয় একটি কনসার্ট এটি।’এক মাসের বিদেশ সফর শেষে দেশে ফিরে আরও বেশি অবাক হন এই শিল্পী। দেশে আসার পর জানতে পারেন প্রথম আলো তারকা জরিপে তাঁর গাওয়া ‘তবুও বৃষ্টি চাই’ গানটি মনোনীত হয়েছে। এ জন্য তিনি বেশ আনন্দিত এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওই সব শ্রোতাদের, যাঁরা গানটি শুনেছেন ও তাঁদের মতামত জানিয়েছেন। তিনি বলেন, আমার আসলে ধারণাই ছিল না যে এত তাড়াতাড়ি গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং প্রথম আলো তারকা জরিপে স্থান করে নেবে। গানটি শ্রোতাদের ভালো লেগেছে জেনেই আমার খুব ভালো লাগছে। ফাহমিদা নবী গত কয়েক মাস ধরেই প্রয়াত ড. সেলিম আলদীনের কথা ও সুরে ‘আকাশ ও সমুদ্র ওপার’ অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অ্যালবামটির সংগীত আয়োজন করছেন বাপ্পা মজুমদার। ঠিক করেছিলেন এবার দেশে আসার পর দীর্ঘ প্রতিক্ষীত সেই অ্যালবামটির কাজ শেষ করবেন। কিন্তু বাপ্পা মজুমদার প্রোগামের কারণে দেশের বাইরে যাওয়ার জন্য আপাতত এ মুহূর্তে অ্যালবামটির কাজ শেষ করতে পারছেন না। এরই মধ্যে অ্যালবামটির ভয়েজ দেওয়ার কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। এখন শুধু বাপ্পা এলেই বাকি কাজ সেরে নেবেন। এ অ্যালবামটি সম্পর্কে তিনি বলেন, এটি আমার একটি স্বপ্নের অ্যালবাম। এটির সঙ্গে আমার দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে। তাই অনেক বেশি সময় নিয়ে আমাকে অ্যালবামটি করতে হচ্ছে। আশা করছি, সামনের ঈদে অ্যালবামটি দর্শক-শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।