মিউজিক ভিডিওতে নিরব
নিরবকে সবাই মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেতা হিসেবেই চেনেন, কিন্তু এবার তিনি আসছেন নতুন পরিচয়ে। মডেলিং, টিভি ও চলচ্চিত্র ক্যারিয়ার অনেক দিনের হলেও নিরব কখনো গানের ভিডিওতে কাজ করেননি। এবারই প্রথম কোনো গানের ভিডিওচিত্রের মডেল হলেন নিরব। গতকাল সোমবার এফডিসির তিন নম্বর ফ্লোরে গানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়। কণার সর্বশেষ একক গানের অ্যালবাম ‘সিম্পলি কণা’র একটি নজরুল সংগীতে মডেল হয়েছেন নিরব। ‘প্রিয় যাই’ শিরোনামের এই গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।এদিকে প্রথমবার কোনো গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে নিরব বলেন, ‘দুটি কারণে গানটির মডেল হতে রাজি হয়েছি। প্রথম কারণ নির্মাতা গাজী শুভ্র আর দ্বিতীয়টি বন্ধু কণা।’নিরব এ-ও বলেন, ‘গাজী শুভ্র ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এর আগে আমি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। ওই কাজটি আমাকে শুভ্র ভাইয়ের সঙ্গে আরও কাজ করার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। কিছুদিন আগে যখন কণা আমাকে গানটিতে মডেল হওয়ার প্রস্তাব করে, তখন আমি সবকিছু ভেবে রাজি হয়ে যাই।’এদিকে কণা বলেন, ‘এটি মুজরা ঘরানার গান। গানের পুরো আবহ তুলে ধরার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করিনি। গান এখন শুধু শোনার ব্যাপার নয়, দেখারও। তাই মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে বাজেটের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করিনি।’ কণা আরও বলেন, “‘সিম্পলি কণা’ অ্যালবামের সব কটি গানেরই ভিডিও নির্মাণ করছি। মিউজিক ভিডিওর অ্যালবামটি বাজারে আসবে ঈদের পর।’ এরই মধ্যে কণার গানের মডেল হয়েছেন নোবেল এবং লাক্স তারকা খ্যাত রাখি।