মিউজিক ভিডিওতে মুনমুন
মিউজিক ভিডিওর মডেল হলেন উপস্থাপক ও অভিনয়শিল্পী মুনমুন। ভিডিওটিতে মুনমুনের সহশিল্পী কাজী আসিফ। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ভিডিওটির চিত্রায়ণে অংশ নিয়েছেন মুনমুন। তিনি বললেন, ‘শিশুশিল্পী থাকা অবস্থায় আমি প্রথম মিউজিক ভিডিওতে কাজ করি। বাপ্পা মজুমদারের ধুলোপড়া চিঠি শিরোনামের গানটি নির্মাণ করেছিলেন প্রয়াত অসীম সেন গুপ্ত। অনেক বছর পর আবারও মিউজিক ভিডিওর কাজ করলাম।’ মুনমুন আরও বলেন, ‘অভিনয়টা আমার অনেক পছন্দের। তাই অভিনয়নির্ভর যেকোনো কিছুই করতে আমার বেশ ভালো লাগে। যে গানটির ভিডিওর কাজ করলাম, সেটাতে অভিনয়ের অনেক সুযোগ ছিল। তা ছাড়া ভিডিওটি নিয়ে পরিচালকের ভাবনাটা বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে কাজটি করে অনেক ভালো লেগেছে।’ মুনমুন ও আসিফ যে গানটিতে মডেল হয়েছেন সেটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও নাইম মূর্তজা। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সাজ্জাদ হুসাইন। জানা গেছে, খুব শিগগির বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটির প্রচার শুরু হবে।