মিউজিক ভিডিওতে মেহজাবিন
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মেহজাবিন আবারও মিউজিক ভিডিওতে মডেল হলেন।ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী শাহরিয়ার রাফাতের দ্বিতীয় একক অ্যালবাম ‘রাফাতের গানগুলো’ অ্যালবামের একটি গানের মডেল হয়েছেন তিনি। সম্প্রতি অ্যালবামটি বাজারে এসেছে। ‘রাফাতের গানগুলো’ অ্যালবামটিতে মেহজাবিনের সঙ্গে কাজ করেছেন সিটিসেলখ্যাত মডেল কাজী আসিফ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুস সাদাত।প্রথম আলো ডটকমকে মেহজাবিন বলেন, ‘আমি প্রথম যে গানটিতে মডেল হয়েছিলাম, সেটি ছিল লোকগান। এবারের গানটি একটু অন্য ধাঁচের। এটি আধুনিক ধাঁচের গান। কাজ করে ভালোই লেগেছে।’মিউজিক ভিডিওটি সম্পর্কে রাফাত বলেন, ‘এ মিউজিক ভিডিওর গানটি আমার দ্বিতীয় একক অ্যালবাম রাফাতের গানগুলো থেকে নেওয়া হয়েছে। এটি আমাদের একটি সমবেত চেষ্টার ফসল। সবার ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে।’উল্লেখ্য, এর আগে মেহজাবিন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের লোকগান ‘কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু’তে মডেল হয়েছিলেন।এদিকে ২৪ জুনে চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক হচ্ছে মেহজাবিনের। স্বপন আহমেদের পরিচালনায় বৈজ্ঞানিক কল্পকাহিনী-নির্ভর চলচ্চিত্রটির নাম ‘পরবাসিনী’। ছবিটিতে মেহজাবিনের সহশিল্পী হিসেবে আছেন নিরব।