মিউজিক ভিডিওতে শর্মিলী আহমেদ
‘আমি চিঠি দিলাম পত্র দিলাম, জানতে মায়ের খবর/ জানলাম মায়ের ঠিকানা, আজ অন্ধকার কবর’/—এমনই একটি কথার গানের মডেল হলেন টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ। প্রবাসী শিল্পী তানভীর শাহীনের ‘মনের বন্দর’ অ্যালবামের এ গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও সুর করেছেন আলাউদ্দিন আলী। গানটির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।সম্প্রতি বিক্রমপুরে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন শর্মিলী আহমেদ। কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ভিডিওটির বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন শিল্পী তানভীর শাহীন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শিমুল হাওলাদার।টিভি নাটকে শর্মিলী আহমেদকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এসব চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন তিনি। তানভীর শাহীনের মিউজিক ভিডিওতেও মায়ের চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ।পরিচালক সূত্রে জানা গেছে, মনের বন্দরে অ্যালবামের এ গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।