মিকি মাউসের পোস্টারের দাম লাখ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত মার্কিন নির্মাতা, প্রযোজক ও অ্যানিমেটর ওয়াল্ট ডিজনি ১৯২৮ সালে সৃষ্টি করেছিলেন তুমুল জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউস। শুরু থেকে আজ অবধি জনপ্রিয়তা ধরে রেখেছে ডিজনির এই অমর সৃষ্টি। মিকি মাউসকে নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন ডিজনি। ১৯২৮ সালে আঁঁকা এমনই এক ছবির পোস্টার সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। নিলামে রঙিন এ পোস্টারটির দাম উঠেছে এক লাখ এক হাজার ৫৭৫ ডলার। মিকি মাউস চরিত্রটিকে প্রথম রুপালি পর্দায় দেখা গিয়েছিল ১৯২৮ সালে মুক্তি পাওয়া ‘স্টিমবোট উইলি’ ছবিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডালাসে পোস্টারটি নিলামে তুলেছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস। নিলাম থেকে চড়া দামে পোস্টারটি কিনে নেন রহস্যময় একজন ক্রেতা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পোস্টারটিতে হাস্যোজ্জ্বল মিকি মাউস দস্তানায় ঢাকা হাত নাড়ছে। পাশে লেখা আছে, ‘বিশ্বের সবচেয়ে মজাদার কার্টুন চরিত্র’। পোস্টার আঁঁকিয়ে হিসেবে লেখা হয়েছে অস্কারজয়ী কার্টুনিস্ট ইউবি ওয়ের্কসের নাম। এ প্রসঙ্গে হেরিটেজ অকশনসের পরিচালক গ্রে স্মিথ জানিয়েছেন, পপ সংস্কৃতির ঝুলিতে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম এই পোস্টারটি। ১৯৩০ সালের আগে আঁঁকা মিকি মাউসের পোস্টারের মধ্যে কেবল এ পোস্টারটিই সংগ্রহ করা সম্ভব হয়েছে।