মিচ লাকার: মৃত্যু-পরবর্তী এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচ লাকার
মিচ লাকার

মার্কিন ডেথকোর গানের দল সুইসাইড সাইলেন্সের ভক্তদের কাছে এই নভেম্বর মাসটা অনেক কষ্টের। ২০১২ সালের ১ নভেম্বর সুইসাইড সাইলেন্সের ভোকাল মিচ লাকার মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি সেদিন মদ্যপ অবস্থায় মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। তাঁর স্ত্রী তাঁকে মোটরসাইকেল না চালানোর জন্য অনেক অনুরোধ করেও থামাতে পারেননি। সেদিন রাত নয়টায় তিনি এই দুর্ঘটনার মুখোমুখি হন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে ১ নভেম্বর ভোর ছয়টার পর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তখন তাঁর বয়স ছিল ২৮ বছর। মিচ লাকারের মৃত্যুতে তাঁর পরিবার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁদের ৩০০ থেকে ৪০০ জন মিলে সেই রাতে মিচ লাকারের স্মৃতিতে মোমবাতি প্রজ্বলন করে তাঁকে স্মরণ করেন। সুইসাইড সাইলেন্সের অন্য সদস্যরাও মিচ লাকারের মৃত্যুতে শোকাহত হন। পরে তাঁরা ২০১২ সালের ২১ ডিসেম্বর ‘এন্ডিং ইজ দ্য বেগিনিং’ শীর্ষক একটি স্মৃতি কনসার্টের আয়োজন করেন। কনসার্টটি ফক্স থিয়েটারে অনুষ্ঠিত হয়। কনসার্টটির মাধ্যমে একটি তহবিল গঠন করা হয়। মিচ লাকারের মেয়ে কেনাডি লাকারের ভবিষ্যতে শিক্ষার জন্য যে অর্থ লাগবে, তার জোগান দিতেই এই শিক্ষা-তহবিল গঠন করা হয়। ‘ব্রিং মি দ্য হরাইজন’-এর ভোকালিস্ট অলিভার সাইকস ও ফটোগ্রাফার অ্যাডাম এলমাকিয়াস যৌথভাবে সেই তহবিলে অর্থ অনুদান দিয়েছেন। পরবর্তী সময়েও অন্যদের থেকে অনুদান গ্রহণ করে তাঁদের বন্ধুর মেয়ে শিক্ষার খরচ জোগাড় করতে তাঁরা দৃঢ় সংকল্প।

মিচ লাকার ১৯৮৪ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইডে জন্মেছিলেন। তিনি সেখানেই বেড়ে ওঠেন। ২০১০ সালের ৮ মে তিনি জোলি কারমাডেলাকে বিয়ে করেছিলেন। তাঁদের একমাত্র মেয়ে কেনাডি লাকার, যাঁর জন্মের পর এক বছর যেতে না-যেতেই তাঁর বাবা মারা গেলেন। কর্ন, ডেফটোনস, স্লেয়ার, স্পেলটুরা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি সংগীত জগতে প্রবেশ করেন। ২০০২ সালে সুইসাইড সাইলেন্স তাদের যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠাতা সদস্যরা সবাই অন্যান্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। ক্রিস গার্জা ও রিক অ্যাশ (গিটারিস্ট), মাইক বডকিন্স (বেজিস্ট), জস গভার্ড (ড্রামার), মিচ লাকার ও ট্যানার ওম্যাক (ভোকাল) হিসেবে দলের যাত্রা শুরু করেন। সুইসাইড সাইলেন্স ২০০৭ সালে সেঞ্চুরি মিডিয়া থেকে তাদের প্রথম স্টুডিও অ্যালবাম বের করে। সেটি বিলবোর্ড ২০০-এর তালিকায় ৯৪তম খান অর্জন করেছিল। প্রথম সপ্তাহতেই ৭ দশমিক ২৫০ কপি বিক্রি হয়ে যায়। সেঞ্চুরি মিডিয়ার ইতিহাসে এটা খুবই ব্যবসাসফল একটা অ্যালবাম। পরবর্তী সময়ে তারা খুব অল্প সময়েই অনেক জনপ্রিয়তা লাভ করে।

সুইসাইড সাইলেন্স ২০১৩ সালের ২ অক্টোবর আবার তাদের নতুন করে পথচলা শুরুর ঘোষণা দেয়। তাদের নতুন ভোকাল হার্মান ‘এডি’ হার্মিডা, যিনি ‘অল শ্যাল পেরিশ’-এর ভোকাল ছিলেন। তারা ২০১৪ সালে তাদের নতুন অ্যালবাম বের করার ব্যাপারে আশাবাদী। সুইসাইড সাইলেন্স মূলত ডেথকোর দল। ডেথ মেটাল ও মেটালকোর ধাঁচের সমন্বয়ে ডেথকোর ধারা হয়েছে। তারা ব্ল্যাক মেটাল, গ্রাইন্ডকোর, ম্যাথকোর ও গ্রুভ মেটাল দ্বারা প্রভাবিত। মিচ লাকারকে সুইসাইড সাইলেন্সের সদস্যরা হূদয়ে রেখেই তাঁদের গান করে যাবেন। তাঁদের যাত্রা এখনই থামবে না।

সুইসাইড সাইলেন্সের যত অ্যালবাম

দ্য ক্লিনজিং—২০০৭

নো টাইম টু ব্লিড—২০০৯

দ্য ব্ল্যাক ক্রডিন—২০১১

মনোয়ারুল হক