মিঠু স্মরণে এমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ও থাইল্যান্ডের শিল্পীদের যৌথ চিত্র প্রদর্শনী ‘এমিটি’। সবকিছু গুছিয়ে নিয়ে হঠাৎ না–ফেরার দেশে চলে যান আয়োজনকারী শিল্পী খালিদ মাহমুদ মিঠু। তাঁর স্মরণে এবার ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশের শিল্পীদের ছবি নিয়ে সেই ‘এমিটি’। শুধু থাইল্যান্ডের শিল্পীরা থাকছেন না।
গতকাল রোববার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে বাংলাদেশের নয়জন শিল্পীর ছবি নিয়ে প্রদর্শনী। শিল্পীরা হলেন আফরোজা জামিল কনকা, শামীম সুব্রানা, ফরিদা জামান, সামিনা নাফিস, কনকচাঁপা চাকমা, কামরুজ্জামান স্বাধীন, সালমা জাকিয়া, ফারজানা রিপা। প্রদর্শনীতে রয়েছে প্রয়াত চিত্রকর ও চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুর আঁকা বেশ কয়েকটি ছবি।
প্রদর্শনীটি উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. শামসুল হক, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভিন মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন থাইল্যান্ডে প্রদর্শনীটির আয়োজক রাকিবুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী সমরজিৎ রায়চৌধুরী বলেন, মিঠু শুধু একজন শিল্পীই নন, ভালো একজন সংগঠকও ছিলেন। বন্ধুদের ভেতরে আজও তিনি রয়ে গেছেন। অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মিঠুর বন্ধুরা।
আজ সোমবার থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত প্রদর্শনীর ছবিগুলো দেখে আসা যাবে। সাতমসজিদ সড়কের তাজ লিলি গার্ডেনে গ্যালারি টোয়েন্টি ওয়ান খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।