মিডিয়ার নানা ঘটনা নিয়ে অন্তরমহল
মিডিয়ার ভেতরের নানা ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ১০৪ পর্বের দীর্ঘ ধারাবাহিক। নাম ‘অন্তরমহল’। চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু ও পার্থ সরকার। চিত্রনাট্যের পাশাপাশি ধারাবাহিকটি পরিচালনাও করেছেন পার্থ সরকার। শুটিং শুরুর আগে গতকাল বুধবার বনানীতে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো দীর্ঘ ধারাবাহিকটির মহরত। কেক কেটে এর শুভ উদ্বোধন করেন নাটকটির প্রযোজক রিজওয়ানা খালেদ, শাহ জহির ও জশুয়া রাজ প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী হাসান মাসুদ, আনিসুর রহমান মিলন, নিরব, তানিয়া হোসাইন, মনিরা মিঠু, আলিফ, কেয়া, জামশেদ, সুমন পাটওয়ারী, তাহসিন প্রমুখ।পার্থ সরকার বলেন, ‘আমরা ব্যতিক্রমধর্মী কিংবা অসাধারণ নাটক নির্মাণ করব বলে দাবি করব না। তবে, আমরা এমন একটি নাটক নির্মাণ করতে চাই, যা দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারবে বলে মনে করছি।’ধারাবাহিকটির গল্প সম্পর্কে পরিচালক জানান, বিদেশ থেকে পড়াশোনা করে এসে নাটক বানাতে গিয়ে কেউ বিপদে পড়ে। কেউবা কিছু না জেনেই নাটক বানিয়ে হিট। কার নাটক বিক্রি হয়, কার হয় না—তা ঠিক হয় রাতের অন্ধকারে। তারকাদের স্পনসর ভ্যালু ঠিক হয় করপোরেট-দুনিয়ার রাতের আড্ডায়। টিকে থাকার জন্য কেউ তার সর্বস্ব দিয়ে দেয়। কেউবা সবকিছু পেয়েও হেলায় হারায়। আবার উঠতি অভিনেতা-অভিনেত্রীকে বিরূপ পরিস্থিতিতে ফেলে মাফিয়ার কেউ। হিট হয়ে গেলে আবার তার পেছনেই ঘোরে সবাই। আমাদের মিডিয়ার সামনের পেছনের এ রকম নানা ঘটনা নিয়েই অন্তরমহল নাটকটি নির্মিত হবে।