মিতালী দাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতালী দাশ
মিতালী দাশ

সম্প্রতি মঞ্চস্থ হয়ে গেল তীরন্দাজ নাট্যদলের প্রযোজনা কণ্ঠনালিতে সূর্য। মোহিত চট্টোপাধ্যায়ের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন রাজীব দে। নাটকটিতে অভিনয় করেছেন মিতালী দাশ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষৎকার নিয়েছেন শফিক আল মামুন
‘কণ্ঠনালিতে সূর্য’ নাটকটি মঞ্চে আসার আগে কত দিন সময় নিয়েছেন?
মঞ্চে আনার আগে নাটকটি নিয়ে আমরা প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে কাজ করেছি। এ নাটক খুবই সাবলীল ও সংলাপনির্ভর। বর্তমান টি-টোয়েন্টির যুগে মঞ্চে ওঠার আগে নাটকটি নিয়ে আমাদের শঙ্কা ও ভয় দুই-ই ছিল। কিন্তু প্রথম প্রদর্শনীতেই দর্শকের বিপুল করতালি পাওয়ায় সেই শঙ্কা কেটে গেছে।
নাটকটি দর্শক আলোচনায় এসেছে। নাটকটি নিয়ে এমন কোনো প্রত্যাশা কি ছিল?
দীর্ঘদিন ধরে থিয়েটারে কাজ করছি। নতুন নাটক যখন মঞ্চে আসে দলের সবাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেই ওই প্রযোজনায় কাজ করে। ফলে নতুন কোনো প্রযোজনা নিয়ে আশা, আকাঙ্ক্ষা, শঙ্কা—সবই থাকে। অন্যদিকে, বর্তমানে ডিস অ্যানটেনার যুগে মিলনায়তনে বসে দর্শক নাটক দেখবেন কি না, সেই ভাবনাও মাথায় রাখতে হয়। তবে ভালো কাজ উপহার দিলে দর্শক আসতে বাধ্য। আমরা একটা ভালো কাজ মঞ্চে আনার প্রত্যয়েই এ নাটক নিয়ে কাজ করেছি।
কখন থিয়েটারে যোগ দিলেন?
২০০৩ সালে আরণ্যক নাট্যদলে যোগ দিয়ে প্রথম থিয়েটারচর্চার সূচনা। প্রথম কাজ মঙ্গাকাহিনী। এরপর রাঢ়াঙ, এবং বিদ্যাসাগর, ইতি-ইয়োকাস্তে, উপরওয়ালা প্রভৃতি নাটকে অভিনয় করেছি। এরপর যোগ দিয়েছি তীরন্দাজ নাট্যদলে।
আরণ্যক নাট্যদল থেকে তীরন্দাজ নাট্যদল কেন?
আরণ্যক আমার মঞ্চনাটক শেখার স্কুল। আমি মনে করি, সারা জীবনই আমি আরণ্যক নাট্যদলের। আর তীরন্দাজ নাট্যদলে তারুণ্যের জোয়ার বেশি। কাজের গতিও বেশি। ফলে এই সময়কে ধরে অনেক কাজের সুযোগ রয়েছে এখানে। তাই এখন কাজ করছি এ দলে।
কখনো ভাবনায় ছিল থিয়েটারে কাজ করবেন?
কখনোই ভাবিনি যে থিয়েটারে করব, প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে রাত অবধি ঘণ্টার পর ঘণ্টা মহড়ায় অংশ নেব। তবে ছোটবেলা থেকে আবৃত্তি, গান ও নাচ করতাম। হঠাৎ করেই আরণ্যক নাট্যদলের অভিনয় কর্মশালায় যোগ দিতে গিয়েই থিয়েটারের নিয়মিত কর্মী হয়ে গেলাম।