মিথিলার ‘তাহসান ফিচারিং মিথিলা’
তাহসান ফিচারিং মিথিলা—মিথিলার প্রথম একক অ্যালবাম। এখানে মিথিলার গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন তাঁর স্বামী তাহসান। এরই মধ্যে অ্যালবামের নয়টি গানের ট্র্যাক তৈরি হয়ে গেছে। এখন চলছে সুরের ওপর ভিত্তি করে কথা লেখা আর তাতে কণ্ঠ দেওয়ার কাজ। তাহসান জানান, সবকিছু শেষ হলে ডিসেম্বর নাগাদ অ্যালবামটি বাজারে আসবে। তাহসান বলেন, ‘এমনি একটি অ্যালবাম করার ইচ্ছা আমাদের অনেক দিনের। কিন্তু নানা ব্যস্ততার কারণে কাজটি করতে পারিনি। এখন দুজনের সময়টা মিলে গেছে। তাই দুজনই গানগুলো তৈরির পেছনে সময় দিচ্ছি।’ মিথিলা বলেন, ‘প্রেম-ভালোবাসার পাশাপাশি সামাজিক সমস্যার কিছু বিষয় নিয়ে সাজানো হচ্ছে অ্যালবামের গানগুলো। অ্যালবামটি নিয়ে আমার অনেক স্বপ্ন। তবে ভয়ও পাচ্ছি। গানগুলো শ্রোতারা পছন্দ করবে তো?’ তাহসান ফিচারিং মিথিলা অ্যালবামে থাকবে তাহসান ও মিথিলার তিনটি দ্বৈত গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি অ্যালবামের জন্য গানও লিখছেন মিথিলা। অ্যালবামের অন্য গানগুলো লিখছেন তাহসান, আর্থিক সজীব প্রমুখ।