মিমির ছবিতে সব্যসাচী চক্রবর্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে নাটকের দল চার্বাক নিয়ে ঢাকায় এসেছিলেন সব্যসাচী চক্রবর্তী। অভিনয় করেছিলেন ঢাকার মঞ্চে। তবে এবার আসছেন চলচ্চিত্রে অভিনয় করতে। সব্যসাচী চক্রবর্তী এবার আফসানা মিমির ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন। ছবির নাম ক্যাম্প। মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন আফসানা মিমি। তিনি জানালেন, অক্টোবরের শেষ দিকে ছবির কাজ শুরু হবে। আর সব্যসাচী চক্রবর্তীও আসছেন তখনই। এখানে দিন দশেক থাকার প্রস্তুতি নিয়ে আসছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে সিনেমা হাউস। মিমি জানান, ছবিতে সব্যসাচী চক্রবর্তী মেজর পদবির পাকিস্তানি সেনা কর্মকর্তা সামশাদ চরিত্রে অভিনয় করবেন। মিমি বলেন, ‘সম্প্রতি টেলিফোনে কথা হয় সব্যসাচীর সঙ্গে। তখনো চিত্রনাট্য তৈরি হয়নি। তাই তাঁকে মূল উপন্যাসের একটি কপি পাঠিয়ে দিয়েছি। উপন্যাসটি পড়ে তিনি খুবই মুগ্ধ হয়েছেন। এবার ঈদের সময় তাঁর সঙ্গে আলোচনা চূড়ান্ত করতে কলকাতায় যাই। গত শুক্রবার টেলিফোনে শুটিংয়ের সময়টা তাঁকে জানিয়ে দিই।’